প্রকাশিত

৩০/১২/২০২৫ ০৯:০২:৩৩ অপরাহ্ন

খেলাধুলা

৩০ ডিসেম্বরের বাতিল হওয়া দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি

তিন দফায় পরিবর্তন হলো স্থগিত হওয়া বিপিএলের ম্যাচ সূচি

প্রকাশিত: ৩০/১২/২০২৫ ০৯:০২:৩৩ অপরাহ্ন

ছবি: ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ সিলেট পর্বের সূচিতে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি নিয়ে দফায় দফায় পরিবর্তনের পর অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে ৩০ ডিসেম্বরের যে দুটি ম্যাচ স্থগিত করা হয়েছিল।
বিসিবির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ৩০ ডিসেম্বরের বাতিল হওয়া ম্যাচ দুটি আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে স্থগিত ম্যাচগুলোর সূচি তিন দফায় পরিবর্তিত হলো।
উল্লেখ্য, ৩০ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে সেদিনের বিপিএলের সব ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিসিবি। শুরুতে গুঞ্জন ছিল, ম্যাচগুলো ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। তবে জাতীয় শোকের প্রথম দিন হওয়ায় সরকারি ছুটি এবং কোনো খেলাধুলা না করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে বিপিএল গভর্নিং কাউন্সিল স্থগিত ম্যাচগুলোর জন্য ১ জানুয়ারি তারিখ নির্ধারণের কথা ভাবলেও, শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকেও সরে আসে কর্তৃপক্ষ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১ ও ২ জানুয়ারির জন্য নির্ধারিত অন্যান্য ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। পাশাপাশি, ৫ জানুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ম্যাচগুলোর জন্য একটি সংশোধিত ও চূড়ান্ত সূচি খুব শিগ্‌গিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে