আরিফুল হক চৌধুরীর সম্পদের উল্লম্ফন, আয় ৪ গুণ, সম্পদ বেড়েছে কোটি কোটি টাকা
প্রকাশিত: ০৬/০১/২০২৬ ১২:৩৩:১৮ অপরাহ্ন
ছবি: শুভ প্রতিদিন।
গত কয়েক বছরে বিপুল সম্পদের মালিক হয়েছেন সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। ২০১৮ সালে যেখানে তার বার্ষিক আয় ছিল সাড়ে সাত লাখ টাকার মতো, সেখানে ২০২৫ সালে এসে তা বেড়েছে চার গুণেরও বেশি। একই সময়ে তার স্ত্রী সামা হক চৌধুরীর আয় ও সম্পদও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের সিটি করপোরেশন নির্বাচনে দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ সালে আরিফুল হক চৌধুরীর বার্ষিক আয় ছিল ৭ লাখ ৫৮ হাজার টাকা। সাত বছরের ব্যবধানে ২০২৫ সালে এসে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩১ লাখ ৮৩ হাজার ২৩৬ টাকায়। অর্থাৎ এ সময়ে তার আয় বেড়েছে প্রায় ২৪ লাখ টাকা, যা আগের আয়ের তুলনায় চার গুণেরও বেশি।
একইভাবে বেড়েছে তার স্ত্রীর আয়ও। ২০১৮ সালের হলফনামা অনুযায়ী, আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরীর বার্ষিক আয় ছিল ৬ লাখ ৬৮ হাজার ৩০০ টাকা। ২০২৫ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার ৭৫৯ টাকায়, যা আগের তুলনায় তিন গুণেরও বেশি। হলফনামা অনুযায়ী, এই আয় এসেছে ব্যাবসা থেকে। বর্তমানে সামা হক চৌধুরীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৪২ লাখ টাকারও বেশি।
হলফনামা অনুযায়ী, আরিফুল হক চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ ৪ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকা। এর অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৩৮৪ টাকা অথচ ২০১৮ সালে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ৭১৩ টাকা। অর্থাৎ সাত বছরে অস্থাবর সম্পদ বেড়েছে দুই কোটিরও বেশি।
অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার স্ত্রী সামা হক চৌধুরীর অস্থাবর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৫৮ হাজার ৭৮৪ টাকা, যার অর্জনকালীন মূল্য ছিল ১ কোটি ২২ লাখ ৭০ হাজার ৭৮৪ টাকা।
হলফনামা পর্যালোচনায় দেখা গেছে, আরিফুল হক চৌধুরীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ অর্থ ২৩ লাখ ৭৮ হাজার ৯৯ টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৫ হাজার ৯১৮ ডলার ও ৬ হাজার ৮৩১ পাউন্ড। ব্যাংকে জমা রয়েছে ১ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৮৭৯ টাকা। বন্ড ও শেয়ারে বিনিয়োগ রয়েছে ৩৮ লাখ ৫১ হাজার ৮৭৫ টাকা। পোস্টাল ও সঞ্চয়পত্রে রয়েছে ৫৩ লাখ ৫ হাজার ২১৫ টাকা। তার মালিকানায় রয়েছে ১ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৫৪৮ টাকা মূল্যের মোটরগাড়ি, ১০ ভরি স্বর্ণ এবং ইলেকট্রনিক সামগ্রী ও আসবাবপত্র, যার মূল্য ৩ লাখ টাকা। তার স্ত্রী সামা হক চৌধুরীর অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৩৫ লাখ ২১ হাজার ৬৫৩ টাকা। বৈদেশিক মুদ্রা রয়েছে ১৪ লাখ ৩৮ হাজার ৬৮১ টাকা। পোস্টাল ও সঞ্চয়পত্রে রয়েছে ৫৮ লাখ টাকা। এছাড়া ১২ লাখ টাকা মূল্যের একটি মোটরগাড়ি, ২৭ ভরি স্বর্ণ, যার মূল্য ১ লাখ ১২ হাজার টাকা ও ১ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা মূল্যের আসবাবপত্রের উল্লেখ রয়েছে।
হলফনামা অনুযায়ী, বর্তমানে আরিফুল হক চৌধুরীর স্থাবর সম্পদের মোট পরিমাণ ১৫ কোটি ২৬ লাখ ৬৭ হাজার ৮৮২ টাকা। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিল ৬ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার ৮৮২ টাকা। তার স্ত্রী সামা হক চৌধুরীর স্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকা, যার অর্জনকালীন মূল্য ছিল ৫ কোটি ৭৫ লাখ ১৩ হাজার ২০৭ টাকা।
স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, আরিফুল হক চৌধুরীর নামে রয়েছে ২০ লাখ ১৫ হাজার ২৮২ টাকা মূল্যের কৃষিজমি, ৮৯ লাখ ৯ হাজার ৩৬৪ টাকা মূল্যের বাড়ি, ৩২ লাখ ৩৩ হাজার ৭৩০ টাকা মূল্যের অ্যাপার্টমেন্ট, ১ কোটি ২৮ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের চা বাগান ও খামার এবং ‘অন্যান্য’ খাতে দেখানো হয়েছে ৪ কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৫০৬ টাকা। তার স্ত্রী সামা হক চৌধুরীর নামে রয়েছে ১৫ লাখ ১২ হাজার টাকা মূল্যের অকৃষি জমি এবং ৫ কোটি ৬০ লাখ ১ হাজার ২০৭ টাকা মূল্যের বাড়ি ও অ্যাপার্টমেন্ট।
হলফনামায় ঋণের তথ্যে দেখা যায়, আরিফুল হক চৌধুরীর নামে ব্যাংক ঋণ রয়েছে ২ কোটি ৩৯ লাখ ১১ হাজার ২৬৫ টাকা। তার স্ত্রী সামা হক চৌধুরীর নামে ব্যাংক ঋণ দেখানো হয়েছে ৯৯ লাখ ৫৪ হাজার ৪০১ টাকা।
তবে আয়কর রিটার্নে ঘোষিত সম্পদের হিসাবের সঙ্গে হলফনামার তথ্যের বড় ধরনের অমিল দেখা গেছে। আয়কর রিটার্ন অনুযায়ী, আরিফুল হক চৌধুরীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৬ কোটি ৮০ লাখ ১৭ হাজার ১৩৯ টাকা ও তার স্ত্রী সামা হক চৌধুরীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৭ কোটি ৩৮ লাখ ২ হাজার ২৪১ টাকা।
শুভ প্রতিদিন/এমকে