রাজাকার বোঝ, সাইফুর রহমান বোঝ না?
রাজাকার বোঝ, সাইফুর রহমান বোঝ না?
প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০৩:৪৪:০২ অপরাহ্ন
ছবি: ।
"নিউট্রন বোমা বোঝ, মানুষ বোঝ না!” — কবি হেলাল হাফিজের 'অশ্লীল সভ্যতা' কবিতার এই বিখ্যাত পঙক্তিটির অনুকরণে বলতে বাধ্য হলাম, হে ত্রয়োদশ সংসদ, রাজাকার বোঝ সাইফুর রহমান বোঝ না? নিজামী-কাদের মোল্লাসহ বিখ্যাত সাত রাজাকারের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়, অথচ বাংলাদেশের আধুনিক ট্যাক্স ও অর্থ ব্যবস্থার পথপ্রদর্শক, বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন এম সাইফুর রহমানের নাম শোক প্রস্তাবে স্থান পেল না? এমন নিমকহারামি কি সংসদ নেতার জ্ঞাতসারে ঘটল? না অজ্ঞাতসারে? জ্ঞাতসারে ঘটার তো কোনো কারণ দেখছি না, আর সংসদ নেতার অজ্ঞাতসারে যদি তা ঘটে থাকে, তবে এর জন্য দায়ী কে? ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। শোক প্রস্তাব স্পিকার নিজেই উপস্থাপন করেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। শোক প্রস্তাবের ওপর সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা আলোচনা করছেন। আলোচনায় সকল অঞ্চলের বিএনপি— অ-বিএনপি নির্বিশেষে সবার নাম এলো কিন্তু সিলেটি নেতাদের নামে কেন স্পিকারের জবানে টাটা পড়ে গেল? ইলিয়াস আলী, হারিস চৌধুরীর নাম নাহয় স্পিকারের বার্ধক্যজনিত স্মৃতিবিভ্রাটের কারণ মনে না পড়লেও এম সাইফুর রহমানের নাম তো খুব মনে থাকার কথা। নাকি সেটা ঐ আদিঅনন্তের সিলেট বিদ্বেষ? সিলেটের যে কজন ক্ষণজন্মা পুরুষ দলমতের ঊর্ধ্বে উঠে সকলের ভালবাসা অর্জন করেছিলেন, এম সাইফুর রহমান সাহেব তাদের একজন। সিলেটের একজনও সচেতন মানুষ পাওয়া যাবে না যে তাহার সম্পর্কে নেতিবাচক ধারনা পোষে। কারণ তিনি ছিলেন সিলেট অঞ্চলের উন্নয়নের রূপকার। তবে সিলেটের চাইতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার আধুনিকায়ন বলতেই বুঝায় অর্থমন্ত্রী সাইফুর রহমান। প্রধানমন্ত্রীর পর অর্থমন্ত্রী পদটা অধিক গুরুত্বপূর্ণ, সাইফুর রহমানই তা হাতে-কলমে প্রমাণ করেছিলেন। এর জন্য কী বিএনপির কেউ কেউ তাঁর প্রতি ঈর্ষাকাতর? এবং সে কারণেই কী ৩১ জনের শোক নামের শোকের তালিকায় বাংলাদেশের সবচেয়ে সফল অর্থমন্ত্রীর নামটা বাদ পড়ে গেল? ভাষা আন্দোলন জেল খাটা এই মহান ভাষাসৈনিক, বিশ্ববরেণ্য অর্থশাস্ত্রবিদ, প্রখর দেশপ্রেমিক, আমরা সিলেটিদের প্রাণের মানুষ, এম সাইফুর রহমানের নাম ত্রয়োদশ সংসদ অধিবেশনের শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির জন্য জোর দাবি জানাচ্ছি। কারণ যে ৩১ জনের নাম শোক প্রস্তাবে নেয়া হয়েছে একমাত্র বেগম জিয়ার পরে এম সাইফুর রহমানের নাম নেওয়াটা একান্ত আবশ্যক ছিল। তাই তাঁর নাম না নেওয়াটা ভুল হয়েছে। ভুল ক্ষমা করা যায়, কিন্তু ভুলে যাওয়া কে ক্ষমা করা যায় না। বিশেষ করে সাইফুর রহমানকে ভুলে যাওয়াটা ক্ষমার অযোগ্য অপরাধ।
এইচ বি বা