সিলেটের মুক্তিযোদ্ধার হাত ধরে বিজিবি পেল ইতিহাসের খোঁজ
সিলেটের মুক্তিযোদ্ধার হাত ধরে বিজিবি পেল ইতিহাসের খোঁজ
প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৮:৪৩:০০ অপরাহ্ন
ছবি: ।
১৯৭১ সালের উত্তাল মার্চের শেষ দিনগুলো পার হচ্ছিল। তখন ঢাকার পিলখানায় ইপিআর এর হেড কোয়ার্টারের দখল পুরো পাকিস্তানের বেলুচ রেজিমেন্টের অধীনে। ইপিআর এর বাংলাদেশী সদস্যদের তখন আর বুঝতে দেরী হয়নি তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু তাদের ভেতরে লুপ্ত থাকা স্বাধীনতার সুপ্ত বাসনা যে দ্রোহের আগুন জালছে। ২২ মার্চ বাংলাদেশী কয়েকজন সিপাহী সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের স্বাধীনতা দিবসে ২৩ মার্চ পিলখানাতে তারা বাংলাদেশের পতাকা উড়াবেন। ভাগ্যে যা আছে তাই হবে। যেই কথা সেই কাজ। ল্যান্স নায়েক আব্দুল হাইয়ের নেতৃত্বে সিলেটের কৃতি সন্তান নায়েক আব্দুল মালেকসহ কয়েকজন পিলখানার একটি বটগাছে (পাকুড়া) বাংলাদেশের পতাকা উড়ান। এর পরদিন থেকেই তাদের উপর নেমে আছে পাকিস্তানী বাহিনীর নির্যাতনের খড়গ। কাউকে মেরে ফেলা হয়। কাউকে বন্দি করা হয়। কেউ রাতেই পালাতে সক্ষম হন। এদেরই একজন সিলেটের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর প্রতীক। আর স্বাধীনতার প্রায় অর্ধশতাব্দী পরে তাঁর হাত ধরেই বিজিবি তাদের সেই হারানো হৃতগৌরব পুণরুদ্ধার করেছে। রচিত হলো আরেকটি নতুন ইতিহাস। খোঁজ নিয়ে জানা যায়, বিজিবির জনসংযোগ দপ্তর বেশ কিছুদিন থেকে পিলখানায় ইপিআর সদস্যদের দ্বারা পতাকা উত্তোলনের ইতিহাস খোঁজা হচ্ছিল। ১৯৭৪ সালে একটি ক্রোড়পত্রে বিজিবি সেখানকার বটগাছে পতাকা উত্তোলনের এমনি একটি ছবি প্রকাশ করেছিল। এরপর আর সে ইতিহাস চাপা পড়ে যায়। স্বাধীনতার ৫৫ বছরের প্রাক্কালে আব্দুল মালেক বীর প্রতীকের জবানীতে ২০২১ সালে বের হওয়া ‘যুদ্ধদিনের আত্মস্মৃতি’ গ্রন্থে পিলখানার সে সময়কার নানা তথ্য উঠে আসে। বইটি পৌছে বিজিরি সদর দপ্তরে। এরপর সেখান থেকে তথ্য পেয়ে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয় আব্দুল মালেক বীর প্রতীকের সঙ্গে। তারা তাঁকে কয়েক দফা ঢাকায় নিয়ে যান। তাঁর মাধ্যমেই শনাক্ত হয় সেই বটগাছ। যেটিতে নায়েক আব্দুল হাইয়ের নেতৃত্বে যে ক’জন পতাকা উত্তোলন করেন। তাদেরই একজন আবদুল মালেক বীর প্রতীক। এ সংক্রান্তে প্রকাশিত বিভিন্ন তথ্য থেকে জানা যায়, প্রায় তিন মাসে কয়েকদফা ঢাকায় বিজিবির হেড কোয়ার্টারে নেয়া হয় আব্দুল মালেক বীর প্রতীককে। কারণ সে সময় তিনি পিলখানার সিগন্যাল কোরে কাজ করতেন। থাকতেন সেখানেই একটি বিল্ডিংয়ের দুতলায়। তিনিই শনাক্ত করেন সেই গাছটি। যেটিতে তাঁরা পতাকা উত্তোলন করেছিলেন। তাঁকে সঙ্গে নিয়ে ভিডিওচিত্র ধারণ করে তৈরী করা হয় একটি প্রামান্য চিত্র। যেখানে আরো অনেক সংশ্লিষ্টজনের সাক্ষাতকার নেয়া হয়। আব্দুল মালেক বীর প্রতীকের এই বটগাছ শনাক্তকে ঘিরে মুক্তিযুদ্ধের ইতিহাসে রচিত হলো আরেক নতুন অধ্যায়। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞের স্থলেই স্থাপন হলো তৎকালীন ইপিআর তথা বিজিবি সদস্যদের গৌরবের এক নতুন ইতিহাস। দিনটিকে স্মরণীয় রাখতে গত ২৫ মার্চ নানা আয়োজন ছিলো এবার পিলখানায়। আবদুুল মালেক বীর প্রতীককে সম্মাননাসহ বর্ণিল আয়োজন ছিলো সেখানে। সে আয়োজেনে শরীক হতে পারলেন না আবদুুল মালেক বীর প্রতীক। কারণ হিসেবে তাঁর পরিবার জানায়, যখন ২৫ মার্চ সকাল ১১ টায় ছিলো সেই পতাকা উত্তোলনকে ঘিরে অনুষ্ঠান, তখন বীর মুক্তিযোদ্ধা আবদুুল মালেক ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউ’তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এখনও সেখানেই আছেন। এদিকে গত কয়েকমাসে মাসে বিজিবির সদর দপ্তর ও জনসংযোগ শাখার অক্লান্ত পরিশ্রমে এই অর্জন নিয়ে তৈরী হয়েছে ডকুমেন্টারী। প্রায় ২২ মিনিটের সেই ডকুমেন্টারী গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। যাতে আবদুুল মালেক বীর প্রতীকসহ কয়েকজন অকুতোভয় সৈনিকের তথ্যে বেরিয়ে এলো ইপিআর তথা বিজিবি সদস্যদের গৌরবের এক নতুন তথ্য। বিজিবির গৌরবের পালকে যুক্ত হলো নতুন আরেক ইতিহাস। যুদ্ধদিনের আত্মস্মৃতি গ্রন্থ থেকে জানা গেছে, নায়েক (অব.) আবদুল মালেক বীর প্রতীক একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি খেতাবপ্রাপ্ত যোদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য রাখেন বীরত্বপূর্ণ অবদান। অগাধ এবং নিখাঁদ দেশপ্রেমের বীরত্বপূর্ণ অবদানের স্বাক্ষর রেখে স্মারক হিসেবে তিনি ‘বীর প্রতীক’ খেতাব পান। ১৯৭১ খ্রিস্টাব্দের মুক্তি সংগ্রামে জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ অবদান রাখেন নায়েক (অব.) আবদুল মালেক বীর প্রতীক। তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ থেকে বাংলার মানুষকে মুক্ত করার সংগ্রামে সম্মুখ সমরে গুলিবিদ্ধ হন। দেড় মাস চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। বীরের বেশে বাঙালির শ্রেষ্ঠ সন্তান হিসেবে মায়ের কোলে ফিরে আসেন। যা থেকে বেরিয়ে এলো স্বাধীনতা ঘোষণার আগেই পিলখানার ভেতরে বটগাছে সিপাহীদের দ্বারা বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের ইতিহাস। এ প্রসঙ্গে বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, একটি ক্রোড়পত্র এবং সিলেটের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীকের ‘যুদ্ধ দিনের আত্মস্মৃতি’ গ্রন্থের সূত্র ধরে পিলখানার পতাকা উত্তোলনের ইতিহাস বেরিয়ে এলো। এই বৃদ্ধ বয়সে তিনি প্রামান্য চিত্রটি নির্মাণে অনেক সহযোগিতা করেছেন। ত্যাগ স্বীকার করেছেন। সে জন্য আমরা পুরো টিম তাঁর কাছে কৃতজ্ঞ। তবে আফসোস এই প্রামান্যচিত্রটি যেদিন প্রকাশ পায় অর্থাৎ গত ২৫ মার্চ সেদিন পিলখানায় অনুষ্ঠানে তাঁর জন্য অনেক আয়োজন ছিলো। কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি। হাসপাতালে শয্যাশায়ী। আমরা তাঁর আশু সুস্থতা কামনা করি। উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা অব: নায়েক আব্দুল মালেক বীর প্রতীক সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিন ইউনিয়নের নগর গ্রামের মৃত মাজির আলী এবং হারি বিবির একমাত্র পুত্র। সিলেট নগরের ইলাশকান্দিতে তার বর্তমান নিবাস। তিনি ১৯৫৩ খ্রিস্টাব্দের ১ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালের ১৯ মে তিনি ইপিআর-এ (বর্তমান বিজিবি) যোগদান করেন। ইপিআরে তিনি ওয়্যারলেস অপারেটর ছিলেন। ১৯৭৮ সালে তিনি বিডিআর থেকে অবসর গ্রহণ করেন। বাংলাদেশ গেজেট অনুয়ায়ী তিনি খেতাবপ্রাপ্ত বীর প্রতীক। যার নম্বর: ৪৭১। এবং যোদ্ধাহত মুক্তিযোদ্ধা নম্বর: ২৪০২। যুদ্ধদিনের আত্মস্মৃতি’ নামে একটি গ্রন্থ প্রকাশ পায় ২০২১ সালে। যাতে আব্দুল মালেক বীর প্রতীকের যুদ্ধকালীন স্মৃতিগুলো মলাটবদ্ধ করার উদ্যোগ নেন সাংবাদিক মো. ফয়ছল আলম। বইটি তিনিই সম্পাদনার দায়িত্ব পালন করেন। ৪৮ পৃষ্টার গ্রন্থটিতে স্মৃতিকথা ছাড়াও বেশ কিছু দূর্লভ ছবিও প্রকাশ পায়। পান্ডুলিপি প্রকাশন থেকে প্রথম সংস্করণ এবং দোআঁশ পাবলিকেশন্স থেকে ইতোমধ্যে দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছে। যার মুল্য রাখা হয়েছে ২’শ টাকা। রকমারীসহ বিভিন্ন লাইব্রেরীতে বইটি পাওয়া যায়। ‘যুদ্ধদিনের আত্মস্মৃতি’ গ্রন্থটি নায়েক (অব.) আবদুল মালেক বীর প্রতীক-এর যুদ্ধদিনের ঘটনা, ভয়ংকর ও রোমাঞ্চকর প্রাণিত স্মৃতির এক অনবদ্য সম্মিলন ঘটেছে।।
এইচ বি বা