প্রকাশিত

১৮/০৪/২০২৬ ০৬:৩৮:৪১ অপরাহ্ন

বিনোদন

এবার হরর সিনেমায় বেজবাবা সুমন

এবার হরর সিনেমায় বেজবাবা সুমন

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৬:৩৮:৪১ অপরাহ্ন

ছবি: ।

দেশের জনপ্রিয় মিউজিশিয়ান ও অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস সালেহীন সুমন। তার গাওয়া জনপ্রিয় একটি গান ‘চাইতেই পারো’, যেটি ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় ব্যবহারের পর নতুন করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এবার নতুন আরেকটি সিনেমায় যুক্ত হচ্ছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী।



জানা গেছে, পরিচালক রায়হান রাফীর বহুল আলোচিত ‘আন্ধার’ সিনেমায় থাকবে সুমনের নতুন গান। একই সঙ্গে সিনেমাটিতে তার কণ্ঠে পুরোনো গানও ব্যবহার করা হবে।


সুমন জানান, সিনেমা মুক্তির আগে গান নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ভিন্ন ধরনের এক সংগীত অভিজ্ঞতা। এছাড়া ‘আন্ধার’ সিনেমার গল্পের সঙ্গেও জুড়ে আছে সুমনের নাম। ক্রিপটিক ফেইট ব্যান্ডের শাকিব চৌধুরী ও আদনান আদিব খানের সঙ্গে এই সিনেমার গল্প লিখেছেন সুমন।

সিনেমাটি নিয়ে সুমন বলেন, ‘এটা অন্য ধরনের গল্পের সিনেমা হতে যাচ্ছে। এটা শুধু হরর নয়, এখানে কমিক রিলিফ আছে, অ্যাকশন আছে, থ্রিল আছে, আবার ডিটেকটিভ গল্পের ছোঁয়াও পাওয়া যাবে। আমি নিশ্চিত করে বলতে পারি, বাংলাদেশে এমন ঘরানার সিনেমা এর আগে হয়নি।’


ভৌতিক গল্পের প্রতি আলাদা টান রয়েছে সুমন ও শাকিব চৌধুরীর। ভৌতিক গল্পের সন্ধানে একসময় দেশের বিভিন্ন জায়গায় ছুটে গেছেন তারা। সেই অভিজ্ঞতা থেকেই লেখা হয়েছে আন্ধারের গল্প।


ছবিটিতে অভিনয়ে রয়েছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার প্রমুখ। গত বছর শেষ হয়েছে আন্ধারের শুটিং। এ বছরেই এটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে।





এইচ বি বা