এমপি নাছির চৌধুরী
আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র জুলাই স্মরণ সমাবেশে
প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১০:৪২:০০ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, "আওয়ামী লীগ আমাদের শত্রু নয়" তারা আমাদের মিত্র। আমরা তাদের নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।
বৃহস্পতিবার(৬ জুলাই) দুপুরে দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত "জুলাই স্মরণ সমাবেশে" প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাছির চৌধুরী বলেন, আজকের এই সমাবেশই বিএনপির সমাবেশ। এর বাইরে বিএনপির আর কোনো সমাবেশ নেই। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা সমাবেশের ডাক দিয়েছে, তারা দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার কোনো ভাই নেই, আমি একা। আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যারা এসব অভিযোগ করছে, তারা চোর। তাদের চুরি করার সুযোগ না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে নানা অপবাদ দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়ে জানতে পারেন এ পর্যন্ত কত টাকা বরাদ্দ এসেছে। আমি যতদিন বেঁচে আছি, কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলাম, সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার এবং উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, ওলামা দল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কে ইউ এন