স্পিকারের জকিগঞ্জ সফর: প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আবুল হাসানের
প্রকাশিত: ২৬/১১/২০২৬ ০৬:১৯:৫৭ অপরাহ্ন
মহান জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের আসন্ন জকিগঞ্জ সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি। একই সঙ্গে এ আয়োজন সফল করতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১২টায় জকিগঞ্জে নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় এমপি মুফতি আবুল হাসান বলেন, "জাতীয় সংসদের স্পিকারের আগমন জকিগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। তাঁর এই সফর জকিগঞ্জের ইতিহাসে একটি নতুন মাইলফলক সৃষ্টি করবে বলে আমরা বিশ্বাস করি।"
মহান মুক্তিযুদ্ধে জকিগঞ্জের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, "দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে জকিগঞ্জের রাষ্ট্রীয় স্বীকৃতি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। আগামী ৩ ডিসেম্বর স্পিকারের উপস্থিতিতে বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে। স্থানীয়রা আশা করছেন, ওই দিনই জকিগঞ্জকে দেশের প্রথম মুক্তাঞ্চল হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া হবে।"স্পিকারের এই সফরকে কেন্দ্র করে জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ দাবি-দাওয়া তুলে ধরা হবে জানিয়ে সংসদ সদস্য বলেন, এসব দাবি বাস্তবায়িত হলে দুই উপজেলার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আয়োজনের সর্বজনীনতা তুলে ধরে মুফতি আবুল হাসান আরও বলেন, "এই কর্মসূচি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো দলের নয়; এটি জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের মানুষের। তাই আগামী ৩ ডিসেম্বরের অনুষ্ঠান সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এসময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার নেতৃবৃন্দসহ খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ।
পরিশেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে জকিগঞ্জ ও কানাইঘাটের সর্বস্তরের জনগণকে স্পিকারের আগমনকে স্মরণীয় করে রাখতে এবং এলাকার দীর্ঘদিনের দাবি আদায়ের এই আয়োজন সফল করতে আন্তরিকভাবে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানান।
কেএন



