প্রকাশিত

২৩/১১/২০২৫ ০৩:০৮:৩৪ অপরাহ্ন

জাতীয়

ভূমিকম্পের আশংকায় গ্যাসকূপ খনন সাময়িক স্থগিত

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৩:০৮:৩৪ অপরাহ্ন

ছবি: ।

সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দেশের বেশ কয়েকটি অঞ্চলে গ্যাস কূপে ড্রিলিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এক নির্দেশনায় জানায়, সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় সব ধরনের ড্রিলিং কার্যক্রম সতর্কতার অংশ হিসেবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের যেসব জেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন পরিচালিত গ্যাস কূপ খনন কাজ চলছে, সেগুলোও ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ সতর্কতার অংশ হিসেবে নরসিংদী জেলার সব ধরনের ড্রিলিং কার্যক্রম একই সময়ের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে বলা হয়।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। একই দিন সন্ধ্যা ৬টার দিকে এক সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। প্রথমটিতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭, আর দ্বিতীয়টিতে ৪.৩; দুটিরই উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালেও ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এই ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পের পর ছোট ছোট কম্পন বা আফটারশক অনুভূত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

শুভ প্রতিদিন/এমকে