প্রকাশিত

২২/১১/২০২৫ ০২:৫০:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

পুণ্যভূমি সিলেট, চা-নদী-পাথর-পাহাড়ে অনন্য এক ‘ভ্রমণ রাজ্য’

প্রকাশিত: ২২/১১/২০২৫ ০২:৫০:০০ অপরাহ্ন

ছবি: সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং, সাদা-পাথর, লালাখাল, লাল শাপলার বিল- সংগৃহীত।

পুণ্যভূমি সিলেটকে প্রকৃতি যেন সব দিয়েছে- তাইতো এখানে ঘুরতে আসলে আপনাকে ‘মুগ্ধ’ হতেই হবে। এখানে এলে বারবার মনে হবে-সুন্দরেরও কি কোনো সীমা আছে? চা-বাগান, সবুজ পাহাড়, ঝরনাধারা, নীল নদী আর পাথরে মোড়া প্রকৃতি মিলেমিশে তৈরি করেছে এক অপার ‘রূপ লীলার’ সিলেট। সীমান্তের দুই প্রান্ত- ওপারে ভারতের মেঘালয়, এপারে বাংলাদেশের সিলেট প্রকৃতির এই দুই রূপ যেন মিলেমিশে সাজিয়েছে লালাখাল, ভোলাগঞ্জ, জাফলং কিংবা ডিবির হাওর। দেশজুড়ে এমন স্বপ্ন জাগানো ‘ভ্রমণ রাজ্য’ দ্বিতীয়টি নেই।

ভোলাগঞ্জ সাদাপাথর- মেঘ, পাহাড় আর স্বচ্ছ জলের মিলনমেলা

কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তঘেঁষা ভোলাগঞ্জে ধলাই নদের উৎসমুখ জুড়ে বিস্তৃত সাদা পাথর এলাকা। পাঁচ একরজুড়ে ছড়িয়ে থাকা এই পাথুরে রাজ্যে সাদা, নীল, ধূসরসহ বিভিন্ন রঙের পাথর সাজিয়ে রেখেছে প্রকৃতি নিজ হাতে। নৌকায় ধলাই নদী বেয়ে এগোতে থাকলে দেখা মেলে— উঁচু-নিচু পাহাড়ে ভেজা সবুজ, পাদদেশে মেঘের ছায়া, আর নদের বুক চিরে ছুটে চলা ঢেউ। বিশুদ্ধ এই প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে হারিয়ে দেয় সময়ের হিসাব থেকে।

ডিবির হাওর -হাজারো লাল শাপলার মায়াময় রাজ্য

জৈন্তাপুর উপজেলার উত্তর-পূর্বে মেঘালয় পাহাড়ের পাদদেশে পাশাপাশি চারটি বিল-ডিবি বিল, কেন্দ্রী বিল, হরফকাটা বিল ও ইয়াম বিল। স্থানীয়রা একে বলে ‘ডিবির হাওর’। শীতের শুরুতে হাওর জুড়ে ফুটে থাকে হাজারো লাল শাপলা, যেন প্রকৃতি নিজের হাতে আঁকা নকশিকাঁথা বিছিয়ে দিয়েছে। দূর থেকে সবুজের মাঝে লাল বিন্দুগুলোর বিস্তার মনকে থমকে দেয়। কিন্তু কাছে গেলে দেখা যায়-এগুলোই রক্তিম শাপলা, পানির মুখ ঢেকে দিয়েছে পুরোপুরি। পড়ন্ত রোদের আগে এলে শাপলার হাসি আরও উজ্জ্বল দেখায়। এ যেন এক অন্য জগতÑ ‘শাপলার স্বর্গরাজ্য’।

লালাখাল-নীল জলের শান্ত রাজ্য

জৈন্তাপুরের সন্নিকটে অবস্থিত লালাখাল, যেখানে নদীর পানি এতটাই স্বচ্ছ ও নীল যে নিচের বালুকাময় পাড়ও স্পষ্ট দেখা যায়। লালাখাল ব্রিজের নিচে নেমেই চোখে পড়ে নীল জলের মায়াবী ছবি। এখানকার নৌ ভ্রমণ যেন এক অবিরাম আশীর্বাদ। দুই ধারে পাহাড়, মাঝ দিয়ে নৌকা যাত্রা। যাত্রা পথ যথ এগোয়, সৌন্দর্য যেন তত বাড়ে। তখন বারবার মনে হয়Ñএই পথ যেন শেষ না হয় কখনও।

জাফলং- পাহাড়-ঝরনা-পাথরের সৌন্দর্য

সিলেটের সবচেয়ে পরিচিত প্রকৃতির কন্যা ‘জাফলং’। খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে পিয়াইন নদীর স্বচ্ছ জলরাশিতে এখানে বিছানো রয়েছে বিভিন্ন রঙের নুড়িপাথর। ডাউকি পাহাড় থেকে নেমে আসা জলপ্রপাত, ঝুলন্ত ডাউকি ব্রিজ, পাহাড়ি অরণ্যের নীরবতা আর সীমান্তঘেঁষা প্রকৃতির মোহময়তা-সব মিলিয়ে জাফলং হতে পারে এক অনন্য অভিজ্ঞতার নাম। এখানে এলেই মন থেকে ঝরে পড়ে নগরজীবনের ধুলোবালি, বদলে যায় মানসিক আকাশ। এছাড়াও এখানে আসলে দেখা যাবে মায়াবী ঝরনা যা হৃদয় ছুঁয়ে যাবে।

শুভ প্রতিদিন/এমকে