প্রকাশিত

১৪/১২/২০২৫ ১০:১২:০০ পূর্বাহ্ন

সিলেট জুড়ে

কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক উন্নয়ন প্রকল্পে স্থবিরতা

জমি অধিগ্রহণ জটিলতায় ধুঁকছে প্রকল্প

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ১০:১২:০০ পূর্বাহ্ন

ছবি: কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক।

##বর্ধিত সময়েও শেষ হয়নি কাজ, আরও দুই বছর সময় চাইছে সওজ
## প্রকল্পের সময় বাড়লেও বাড়ছে না ব্যয়
##৫০-৬০ শতাংশ কাজ শেষ হয়েছে
## এক বছরের মধ্যে সড়ক চালু করে দেওয়ার আশা সওজ’র
## প্রকল্পে ব্যয় হবে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা
কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের জুন মাসে। এরপর প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হলেও বর্ধিত সময়েও কাজ শেষ করতে পারবে না কর্তৃপক্ষ। তাই আগেভাগেই আরও দুই বছর সময় চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। প্রকল্পের অগ্রগতি ধীর হওয়ার কারণ হিসেবে জমিসংক্রান্ত জটিলতাকেই দায়ী করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাড়ে বারো কিলোমিটার দীর্ঘ এ সড়কের চার লেনের কাজ শুরু হয় জমি অধিগ্রহণ ছাড়াই। শুরুতে চার কিলোমিটার পর্যন্ত সড়ক নির্মাণের পরই প্রকল্পের কাজ থেমে যায়। তাই নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরজমিনে দেখা যায়, কুমারগাঁও থেকে বাদাঘাট পর্যন্ত সড়কের কাজ সম্পন্ন হলেও মাঝখানের ডিভাইডার নির্মাণ এখনো বাকি। বাদাঘাট বাজারের পরই শুরু হয়েছে জমিসংক্রান্ত জটিলতা। বাদাঘাট থেকে এয়ারপোর্ট পর্যন্ত গড়ে মাত্র ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। জমি অধিগ্রহণ না থাকায় বেশিরভাগ অংশেই কোনো কাজ হয়নি। বাদাঘাট থেকে চামাউড়া কান্দি পর্যন্ত কোনো কাজই এগোতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়া বাইশটিলা এলাকায় কোথাও কাজ চলমান রয়েছে আবার অনেক অংশে কোনো কাজই হয়নি। এতে দুর্ভোগেও পড়ছেন স্থানীয়রা। শুষ্ক মৌসুম থাকায় রাস্তার বালুতে অতিষ্ঠ পথচারী থেকে গ্রামবাসী।
স্থানীয় কয়েকজন জানান, প্রকল্প অনুমোদনের আগে অনেক স্থানে কোনো স্থাপনা ছিল না। কিন্তু কাজ শুরু হওয়ার পর অনেকে নতুন স্থাপনা তৈরি করে জমি অধিগ্রহণের প্রক্রিয়াকে জটিল করেছেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ জানুয়ারি একনেক সভায় কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট সড়ক চার লেনে উন্নীতকরণের প্রকল্প অনুমোদন পায়। এর আগে প্রায় সাড়ে ১২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি নির্মিত হয়েছিল ২০১২-১৪ অর্থবছরে। পরবর্তীতে পাথরবাহী ট্রাক চলাচল, বিমানবন্দরে যাতায়াত এবং পর্যটকদের সুবিধার কারণ দেখিয়ে এটিকে চার লেনে উন্নীত করার দাবিও ওঠে। দাবির প্রেক্ষিতে ২০১৬ সালে প্রথম প্রকল্প প্রস্তাবনা তৈরি হয় এবং ২০২২ সালের ২৬ নভেম্বর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রকল্পের উদ্বোধন করেন।
সওজ সূত্রে জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে ব্যয় নির্ধারণ করা হয় ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। ৪৩৯ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৭৪৭ টাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড কাজ করছে। জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়া হয়েছে ৭৭ কোটি টাকা। প্রকল্প অনুযায়ী ২০২৪ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল।
স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার শাখাওয়াত হোসেন জানান, প্রকল্পের মোট ১২ কিলোমিটারের মধ্যে ৪ কিলোমিটারে অধিগ্রহণ প্রয়োজন হয়নি, সেসব অংশে প্রায় সব কাজই শেষ। বাকি ৮ কিলোমিটারের কাজ জমি অধিগ্রহণ ছাড়াই শুরু করা হয়, যার ফলে বেশিরভাগ জায়গায় কাজ এখনো চলমান। দুইটি মৌজার মধ্যে একটির সাড়ে ৫ কিলোমিটার জমির সমস্যা মীমাংসা হয়েছে এবং সেখানে কাজ চলছে। অন্য মৌজার আড়াই কিলোমিটার এলাকায় জমি জটিলতা থাকায় কাজ শুরু করা যাচ্ছে না।
তিনি আরও বলেন, মাটি ফেলতে বাধা দেওয়া, স্থানীয়দের আপত্তি-এ ধরনের সমস্যা প্রতিদিনই মোকাবিলা করতে হয়। এখন পর্যন্ত প্রকল্পের অর্ধেক কাজ শেষ হয়েছে। কুমারগাঁও-বাদাঘাট এলাকায় কবরস্থানের কিছু অংশ থাকায় সেখানেও কিছু কাজ বাকি রয়েছে।
সড়ক বিভাগ সিলেটের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহউদ্দিন সোহাগ বলেন, দুইটি মৌজার জমি নিয়ে জটিলতা এখনো রয়েছে। যদিও বেশিরভাগ জমির আপত্তি সমাধান হয়েছে এবং সেখানে কাজ চলছে। যেখানে জটিলতা বেশি, সে অংশগুলো এড়িয়ে পাশ দিয়ে বিকল্পভাবে রাস্তা নেওয়া হয়েছে।
জমি অধিগ্রহণ জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, জমি অধিগ্রহণের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ স্থাপনার মূল্য নির্ধারণ করে এবং বন বিভাগ গাছপালা মূল্যায়ন করে। এরপর তা জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়। যার কারণে জমি অধিগ্রহণ করতে সময় লেগে যায়।
তিনি বলেন, রাস্তা প্রথমে যে দিকে নিয়ে যাওয়ার কথা ছিল পরবর্তীতে তা পরিবর্তন করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যেমন- বাইশটিলা এলাকায় টিলা থাকায় সে অংশ বাদ দিয়ে বাজারের ভেতর দিয়ে সড়ক নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় না বাড়লেও নতুন করে মেয়াদ বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী এক বছরের মধ্যে সড়ক চালু করে দেওয়ার আশা করেন তিনি। এখন পর্যন্ত ৩০ হেক্টর জমি অধিগ্রহণ হয়েছে এবং ২৪টি কালভার্টের মধ্যে ২২টির কাজ সম্পন্ন হয়েছে।


শুভ প্রতিদিন/এমকে