প্রকাশিত

১৫/১২/২০২৫ ০৮:১০:১৯ অপরাহ্ন

সিলেট জুড়ে

গণতন্ত্র দুর্বল হলে রাষ্ট্রের চারপাশে এক ধরনের লুটেরা শ্রেণি গড়ে ওঠে : জেলা প্রশাসক

প্রকাশিত: ১৫/১২/২০২৫ ০৮:১০:১৯ অপরাহ্ন

ছবি: সিলেট অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ।

দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হওয়ায় উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, গণতন্ত্র দুর্বল হলে রাষ্ট্রের চারপাশে এক ধরনের লুটেরা শ্রেণি গড়ে ওঠে, যারা যুগে যুগে ব্যাংক খালি করেছে, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছে এবং সাধারণ মানুষের ভাগ্য ধ্বংস করেছে। এরই ফল আজ দেশের মানুষ ভোগ করছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেস ক্লাবের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আজ দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বড় ঋণখেলাপিরা হাজার হাজার কোটি টাকা নিয়ে ফেরত দেয় না, অথচ গ্রামের একজন কৃষক সামান্য ঋণ নিলে তার ওপর কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে কীভাবে ব্যাংক থেকে হাজার কোটি টাকা নিয়ে তা ফেরত না দেওয়ার সংস্কৃতি গড়ে ওঠে। এতে দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক ও গারমেন্টস কর্মীরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেও তারা ন্যায্য মূল্য ও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত বা নিহত হলেও তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা নেই। এভাবেই বৈষম্যমূলক একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠেছে।
সারওয়ার আলম বলেন, বর্তমানে ভদ্র, শিক্ষিত ও সৎ মানুষকে নয় বরং প্রভাবশালী, সহিংস বা অপরাধী ব্যক্তিদের বেশি চেনা ও গুরুত্ব দেওয়া হয়। এতে সমাজে মেধা ও নৈতিকতার চর্চা বাধাগ্রস্ত হচ্ছে। ভালোকে ভালো বলা না গেলে সমাজে কখনো ভালো মানুষ তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত অর্থ সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার মধ্যেই নিহিত। যে মানুষ হাসপাতালে শয্যা পায় না, চিকিৎসা পায় না বা নিরাপদে চলাচল করতে পারে না-তার কাছে স্বাধীনতার কোনো মূল্য নেই। তিনি আরও বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুভ প্রতিদিন/এমকে