ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত, আহত অন্তত ১২
প্রকাশিত: ১৭/০১/২০২৬ ০১:৩৪:১১ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগর উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস দয়ামীর মাদরাসার সামনে পৌঁছালে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাসও নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে ওসমানীনগর তাজপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
শুভ প্রতিদিন/এমকে