প্রকাশিত

২৭/০১/২০২৬ ০৬:১৫:৩৭ অপরাহ্ন

Advertisement

সিলেট জুড়ে

কবি মো. নুরুল ইসলামের দুটি কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম : ড. আবুল ফতেহ ফাত্তাহ

প্রকাশিত: ২৭/০১/২০২৬ ০৬:১৫:৩৭ অপরাহ্ন

বিশ্বজুড়ে আলো ছড়াচ্ছে প্রবাসী কবির কলম :  ড. আবুল ফতেহ ফাত্তাহ

সিলেটের সুনামধন্য প্রবীণ অধ্যাপক ও যুক্তরাজ্য প্রবাসী কবি মো. নুরুল ইসলামের নতুন দুটি কাব্যগ্রন্থ ‘বিশ্বজুড়ে আলো’ এবং ‘বোধ ও বেদনা’ অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৬ জানুয়ারি) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বুনন প্রকাশনীর উদ্যোগে বর্ণিল প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কবি ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘প্রবাসের কঠিন ও ব্যস্ত জীবনের মাঝেও যাঁরা নিয়মিত সাহিত্যচর্চা চালিয়ে যান, তাঁরা প্রকৃত অর্থেই সংস্কৃতির সৈনিক। কবি মো. নুরুল ইসলাম সেই বিরল মানুষদের একজন, যিনি দূরদেশে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের আলো ছড়িয়ে দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘নুরুল ইসলামের কবিতায় মানবিক বোধ, জীবনবোধ ও প্রবাসজীবনের বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই ইউকের প্রেসিডেন্ট একেএম ইয়াহিয়ার সভাপতিত্বে এবং বুনন প্রকাশনীর পরিচালক ও বুনন সম্পাদক কবি খালেদ উদ-দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, বিশ্বনাথ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, সাবেক অধ্যক্ষ ও কথাসাহিত্যিক তাপসী চক্রবর্তি লিপি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ লিয়াকত শাহ ফরিদী, কবি ও কথাসাহিত্যিক ওয়াহিদ সারো, ব্যবসায়ী এটিএম শোয়েব, কবি আয়শা মুন্নী ও কবি শাব্বির জালালাবাদী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক আল আমিন। অনুষ্ঠানে সকলের উপস্থিতিতে সিলেটের সাহিত্যিক ও কবিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি মো. নুরুল ইসলাম বলেন, ‘প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে যুক্ত থাকতে পারাটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
অতিথিরা বলেন, প্রবাসের ব্যস্ত জীবনে থেকেও দীর্ঘদিন সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া নিঃসন্দেহে দুঃসাহসিক ও প্রশংসনীয় কাজ। এ সাহিত্যচর্চায় কবির সহধর্মিণীর আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার কথাও অনুষ্ঠানে বিশেষভাবে উল্লেখ করা হয়। তারা বলেন, ‘নুরুল ইসলামের কবিতা বিশ্ববোধের সঙ্গে ব্যক্তিগত অনুভূতির এক সার্থক মেলবন্ধন’।
উল্লেখ্য, কবি মো. নুরুল ইসলাম ইতোমধ্যে ১২টি কাব্যগ্রন্থ প্রকাশ করে বাংলা সাহিত্যে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।


শুভ প্রতিদিন/এমকে

Advertisement
Advertisement
Advertisement