দিরাইয়ে প্রিয় শিক্ষকের স্মরণে শোকসভা, পরিবারের হাতে শিক্ষার্থীদের অর্থ সহায়তা
প্রকাশিত: ০৪/০২/২০২৬ ০২:৫৪:৪৬ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃণাল কান্তি আচার্যের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এই সভার আয়োজন করেন বিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। শোকসভা শেষে প্রয়াত শিক্ষকের পরিবারের হাতে সম্মাননা হিসেবে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস চয়নের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নিবেশ রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক অলেক মাহমুদ, সহকারী শিক্ষক লাল মোহন ও আব্দুস সালাম। বক্তারা প্রয়াত মৃণাল কান্তি আচার্যের কর্মজীবন ও শিক্ষার্থীদের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মধ্যে যে নৈতিকতার বীজ বপন করেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকসভা শেষে ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রয়াত শিক্ষকের পরিবারের হাতে নগদ ৪০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পরিবারের পক্ষে এই অর্থ গ্রহণ করেন তাঁর ছেলে অনিক আচার্য।
স্মরণসভায় ২০১২ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুবিন, তন্ময় বনিক, প্রান্ত দাস ও লিটন দেবনাথ। এছাড়া এই উদ্যোগ সফল করতে প্রবাস থেকে সহযোগিতা করেছেন জানে আলম, লিলন তালুকদার, মান্না তালুকদার লিমন, মিশু আহমেদ, শাহান মিয়া, মাছুম আহমেদসহ আরও অনেকে। দেশে থেকে সার্বিক সমন্বয়ে ছিলেন আজওয়াদ কাইয়ুম নাফী, মিনহাজ আহমেদ সালমান, রেজুয়ান আহমেদ, আসাদ আবেদীন, সতেন্দ্র ও বিশ্বজিৎ দাশ। শিক্ষকের প্রতি প্রাক্তন শিক্ষার্থীদের এমন সম্মান ও ভালোবাসা স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
শুভ প্রতিদিন/এমকে