প্রকাশিত

০৭/০২/২০২৬ ০৬:০২:৪০ অপরাহ্ন

সিলেট জুড়ে

হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন করা হচ্ছে: জামায়াত আমির

হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন করা হচ্ছে: জামায়াত আমির

প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৬:০২:৪০ অপরাহ্ন

ছবি: ।

জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘একটা দল মা বোনদের সম্মান দিতে পারে না-এটার প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিসাইল ছুড়তে শুরু করেছে। হাতে হাত মিলিয়ে আমার চরিত্র হনন করা হচ্ছে। কিন্তু এরা জানে না আধুনিক বিশ্বে মিসাইল ছুড়লে এন্ট্রি মিসাইলও খেতে হয়।’ এসময় তিনি যারা তার চরিত্র হননে নেমেছে-তাদেরকে মাফ করে দেওয়ার কথাও বলেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটায় সিলেট নগরীর সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের হক আত্মসাৎকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা স্বেচ্ছায় টাকা ফেরত দিলে ভালো, না হলে রাষ্ট্র শক্ত হাতে তা উদ্ধার করবে।

তিনি বলেন, ‘যারা জনগনের টাকা লুট করেছে তাদেরকে শান্তিতে থাকতে দেবো না। দুনিয়ার যেখানেই থাকুক না কেন—জনগণের এই হক যদি তারা স্বেচ্ছায় দিয়ে দেয়, তারা অবশ্যই অভিনন্দিত হবে। আর যদি ফেরত না দেয়, রাষ্ট্র ইনশাআল্লাহ ওদের মুখের ভেতরে হাত ঢুকিয়ে পেটের ভেতর থেকে বের করে নিয়ে আসবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, উদ্ধার করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে উন্নয়ন কাজ সর্বপ্রথম শুরু করা হবে।
প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হব কি না এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যদি এমন কিছু আমার দায়িত্বে এসে যায়, আমি পরিষ্কারভাবে বলতে চাই ৫৪ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও আমি বেইনসাফি করতে পারব না। প্রতি ইঞ্চি মাটি তখন আমার কাছ থেকে তার পাওনা বুঝে নেবে।’

সিলেটের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘সিলেটবাসীর যে সঙ্গত পাওনা আছে, সেগুলো সিলেটবাসীকে সসম্মানে তুলে দেওয়া হবে।’

এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কুলাউড়ায় সমাবেশ করেন। পরে বেলা দুইটার দিকে হেলিকপ্টারযোগে সিলেটের এমসি কলেজ মাঠে নামেন। সেখান থেকে সমাবেশে যোগ দেন জামায়াত আমির।





এইচ বি বা