সিলেট-৬ আসনে বিএনপি–জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৭:৫৪:৫৩ অপরাহ্ন
ছবি: ।
বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠ জমে উঠেছে। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে একজন স্বতন্ত্র এবং বাকি চারজন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী। স্থানীয় ভোটারদের মতে, আসনটিতে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে।
সিলেট-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রথমে দু’জনকে মনোনয়ন দেওয়া হয়—জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপির সদস্য ফয়সল আহমদ চৌধুরীকে। পরবর্তীতে দল এমরান আহমদ চৌধুরীকেই চূড়ান্ত মনোনয়ন দিলে ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এদিকে সম্প্রতি এমরান আহমদ চৌধুরীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। যদিও তিনি দাবি করেছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা নিয়মিত ভোটারদের কাছে যাচ্ছেন এবং দলীয় নেতাকর্মীরাও প্রচার-প্রচারণা চালাচ্ছেন। তবে এ আসনে জামায়াতের শক্তিশালী প্রার্থী থাকায় বিএনপির প্রার্থী এমরান আহমদ চৌধুরীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকেই। ভোটারদের একটি অংশের মতে, বর্তমানে জামায়াত ও ১১ দলীয় ঐক্যের সমর্থিত প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন কিছুটা এগিয়ে রয়েছেন। অন্যদিকে বিএনপি ও জামায়াত—দুই দলই তাদের প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে মাঠে কাজ করছে। নিয়মিত পথসভা, গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চলছে।
সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন, জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর, গণঅধিকার পরিষদের জাহিদুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমরান আহমদ চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম।
শুভ প্রতিদিন/এমকে