দেশের এক ইঞ্চি মাটিতেও কেউ আর চাঁদাবাজির হাত বাড়াতে পারবে না : সিলেটে জামায়াতের আমির
প্রকাশিত: ০৭/০২/২০২৬ ০৭:৫৭:০০ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সিলেট খনিজ পদার্থে সমৃদ্ধ হলেও এর যে অংশ ও অধিকার সিলেটবাসীর পাওয়ার কথা, তা সর্বক্ষেত্রে তারা পাচ্ছে না। সিলেটের সব জায়গায় এখনো গ্যাস পৌঁছায়নি, আর সিলেটের গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎও সব জায়গায় নিরবচ্ছিন্নভাবে পাওয়া যায় না। সিলেটের নদীগুলোকে হত্যা করে কঙ্কাল ও মরুভূমিতে পরিণত করা হয়েছে। বর্ষা এলে নদীর দুই কূল ভাঙে, অসংখ্য মানুষ নদীভাঙনের কবলে পড়ে। আবার শুকনো মৌসুমে নদীতে পানিই থাকে না। সিলেটবাসীর জন্য সুপেয় পানি পাওয়া যেন আলাদিনের চেরাগের মতো-পেক্ষা করেও পাওয়া যায় না। এর সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বর্ষা এলেই শহর ডুবে যায়। চাঁদাবাজি, সন্ত্রাস ও অস্ত্রের দাপট আমাদের প্রিয় সিলেটকে অস্থির করে রেখেছে। আমরা এসব অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আল্লাহ যদি আমাদের এই দেশের সেবক হিসেবে দায়িত্ব দেন, তাহলে এই দেশের এক ইঞ্চি মাটিতেও কেউ আর চাঁদাবাজির হাত বাড়াতে পারবে না, ইনশাআল্লাহ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
তিনি বলেন, আমরা ঘোষণা দিয়েছি, সুযোগ পেলে অফিস-আদালতে ঘুষ নেওয়ার প্রয়োজন হবে না এবং ঘুষ খাওয়ার সাহসও কেউ করবে না। সম্মানের সঙ্গে নাগরিকেরা বসবাসের নিশ্চয়তা পাবে। আজ রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন-ভাতা দেওয়া হয়, তা অনেক ক্ষেত্রে সম্মানজনক জীবনযাপনের জন্য যথেষ্ট নয়। একজন মানুষের মৌলিক প্রয়োজন পূরণ না করে সে যদি সেই প্রয়োজন মেটাতে গিয়ে অপরাধে জড়িয়ে পড়ে, তবে রাষ্ট্রের উচিত আগে তার সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা; তারপর অপরাধ করলে তার বিচার করা। গত ৫৪ বছরে দেশের অর্থ লুটপাট হয়েছে। কেউই বুক ঠুকে বলতে পারবেন না যে আমরা একেবারে নির্দোষ ছিলাম; কেউ কম, কেউ বেশি করেছে। বিশেষ করে গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশ থেকে বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। এই টাকা ১৮ কোটি মানুষের, এই টাকা আজ জন্ম নেওয়া শিশুর, এই টাকা রাস্তার পাশে বসে থাকা ভিক্ষুকের, চা-শ্রমিকের, রিকশাচালকের, কৃষকের-সবার। আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন, যারা এই টাকা লুট করেছে তাদের আমরা ছাড় দেব না। তারা যদি স্বেচ্ছায় জনগণের অর্থ ফিরিয়ে দেয়, তা স্বাগত জানানো হবে; না দিলে রাষ্ট্র তা ফিরিয়ে আনবে এবং জনগণের কল্যাণে ব্যবহার করবে।
জামায়াত আমির বলেন, যে এলাকা যত বেশি বঞ্চিত, সেখানে উন্নয়ন কাজ আগে শুরু হবে। আগামীর বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হবেন, তা আল্লাহই ভালো জানেন। কিন্তু দায়িত্ব এলে দেশের ৫৪ হাজার বর্গমাইলের এক ইঞ্চি জমিতেও বেইনসাফি করা হবে না। সিলেটবাসীর ন্যায্য অধিকার ও বঞ্চনার অবসান ঘটানো হবে। ডা. শফিকুর বলেন, প্রবাসীনির্ভর সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কিন্তু তা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানে গড়ে ওঠেনি। যদি এটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়, তবে সব এয়ারলাইন্স কেন এখানে অবতরণ করবে না? এতদিনেও কেন এটি পূর্ণাঙ্গ হয়নি? সিলেটি প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্সে বিশাল অবদান রাখছেন। আমরা কথা দিচ্ছি-ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে নামেই নয়, কাজেও পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাজ্যে বিপুল সংখ্যক সিলেটি প্রবাসী বসবাস করেন। একসময় মানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট ছিল, এখন বন্ধ। কেন আমরা পিছিয়ে যাব? আমরা সামনে এগোতে চাই। সেই রুট চালু করা হবে, নতুন রুটও চালু করা হবে। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশেও রাষ্ট্রীয় বিমান চলাচল বাড়ানো হবে। রাষ্ট্রীয় বিমান সংস্থার লাভ না হওয়ার কারণ দুর্নীতি; দুর্নীতি বন্ধ হলে উন্নয়ন সম্ভব। পাঁচ বছরে দেশের চেহারা বদলে যাবে-যুবসমাজ ও নারীরা যে স্বপ্ন দেখে, সেই বাংলাদেশ বাস্তবে রূপ নেবে।
তিনি আরও বলেন, প্রবাসীদের আরও কষ্ট আছে। মধ্যপ্রাচ্যে যারা কাজ করতে যান, তারা অনেক সময় স্বল্প আয়ে জীবন কাটান। কেউ মারা গেলে মরদেহ দেশে আনা নিয়েও ভোগান্তি পোহাতে হয়। আমরা এ অবস্থা মেনে নিতে পারি না। রাষ্ট্র দায়িত্ব নেবে-বিদেশে মৃত্যুবরণ করলে সম্মানের সঙ্গে মরদেহ দেশে আনা হবে এবং পরিবারের দায়িত্ব নেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়াও একটি বড় অর্জন। অনেকেই এর বিরোধিতা করেছিলেন, কিন্তু আমরা বলেছি—ভোটাধিকার সবার মৌলিক অধিকার। এবার তার সূচনা হয়েছে, ভবিষ্যতে এটি আরও নিশ্চিত হবে।
শফিকুর রহমান বলেন, চা-বাগানের শ্রমিকদের জীবনমান অত্যন্ত করুণ। তারা স্বাস্থ্যসেবা ও শিক্ষাবঞ্চিত। তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র দায়িত্ব নেবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে শুধু রাজনীতিবিদের সন্তান নয়, শ্রমিক বা কৃষকের মেধাবী সন্তানও দেশের নেতৃত্ব দিতে পারে। নারীর সম্মান রক্ষা, দুর্নীতি প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা আমাদের অঙ্গীকার।
তিনি বলেন, গত ৫৪ বছরে আলেম-ওলামা, রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, শ্রমিক-সবাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছেন। জামায়াতে ইসলামীর ওপরও দমন-পীড়ন চালানো হয়েছে। অনেক নেতা নিহত হয়েছেন, অসংখ্য কর্মী মামলার শিকার হয়েছেন। তবে আমরা প্রতিশোধে বিশ্বাস করি না; ন্যায়বিচারে বিশ্বাস করি। কেউ আদালতে বিচার চাইলে আমরা পাশে থাকব, কিন্তু নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।
সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেককে সুযোগ দিয়েছেন, এবার আমাদের একবার সুযোগ দিন। আমরা মালিক হতে চাই না, আপনাদের জান-মাল ও মর্যাদার পাহারাদার হতে চাই। সিলেটের অবকাঠামো উন্নয়ন, মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ কার্যকর করা, রেল যোগাযোগ উন্নয়ন, ডাবল লাইন ও ব্রডগেজ, এমনকি ভবিষ্যতে বুলেট ট্রেনের পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে। সিলেট আর বঞ্চিত থাকবে না বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মতো এখানেও উন্নয়ন হবে।
শুভ প্রতিদিন/এমকে