প্রকাশিত

০৮/০২/২০২৬ ০৮:৩৮:১৬ অপরাহ্ন

সিলেট জুড়ে

মহানগর বিএনপির লিখিত আবেদন

সিলেট এয়ারপোর্ট থানার ওসি মুবাশ্বিরের বিরুদ্ধে পক্ষপাত্বিতের অভিয়োগ

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৮:৩৮:১৬ অপরাহ্ন

ছবি: ওসি মুবাশ্বির আলী।


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ১ (নগর ও সদর) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর বিরুদ্ধে লিখিত আবেদন করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট ১ আসনের বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনী এজেন্ট রেজাউল হাসান কয়েস লোদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এবং সিলেট মহানগর পুলিশ কমিশনারের কাছে লিখিতভাবে অভিযোগটি দাখিল করেন। একই সঙ্গে অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছেও পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সিলেট মহানগর পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকদের উদ্দেশ্যমুলক হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়। লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, উক্ত কর্মকর্তা অন্য এক প্রার্থীর স্বার্থ সংরক্ষণের জন্য সক্রিয়ভাবে কাজ করছেন এমন ধারণা তৈরি হয়েছে। এতে করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে এয়ারপোর্ট থানার আওতাধীন ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানান।

এ বিষয়ে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থেই আমরা এই অভিযোগ দাখিল করেছি। একজন পুলিশ কর্মকর্তা যদি কোনো নির্দিষ্ট প্রার্থীর পক্ষে কাজ করেন, তাহলে তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের কর্মী সমর্থকদের অহেতুক হয়রানি করা হচ্ছে।

তিনি আরও বলেন, লিখিত অভিযোগের মাধ্যমে তারা এ বিষয়ে দ্রুত প্রতিকার চেয়েছেন এবং নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।


sa/shu