প্রকাশিত

০৫/০৩/২০২৬ ০৩:১৮:৫৪ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেট জেলা পরিষদের প্রশাসক হতে চান কামরুল হাসান শাহিন

সিলেট জেলা পরিষদের প্রশাসক হতে চান কামরুল হাসান শাহিন

প্রকাশিত: ০৫/০৩/২০২৬ ০৩:১৮:৫৪ অপরাহ্ন

ছবি: ।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর দলের ত্যাগী ও নির্যাতিত নেতাদের মূল্যায়নের উদ্যোগ নিয়েছে বিএনপি। এর ধারাবাহিকতায় সিলেট সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী।


সিটি করপোরেশনের পর স্থানীয় সরকারের অন্যান্য প্রতিষ্ঠানেও প্রশাসক নিয়োগ দেয়া হতে পারে বলে আলোচনা চলছে। স্থানীয় সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোর প্রশাসক হতে তৎপর হয়ে ওঠেছেন ক্ষমতাসীন দলটির নেতারা।


সিলেট জেলা পরিষদও দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিবিহীন অবস্থায় রয়েছে। এ প্রতিষ্ঠানের প্রশাসক হতে তৎপরতা শুরু করেছেন বিএনপির অনেক নেতা। এর মধ্যে রয়েছেন জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন।


এ ব্যাপারে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বলেন, আমি সিলেট জেলা পরিষদের প্রশাসক হতে আগ্রহী। তাছাড়া জেলা পরিষদের নির্বাচন হলে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেবো।


তিনি বলেন, গত ১৭ বছরের ফ্যাসিবাদী আমলে আমি বিএনপির পক্ষে লড়াই সংগ্রামে সক্রিয় ছিলাম। একাধিকবার কারাবরণও করতে হয়েছে। গত সংসদ নির্বাচনেও দলের প্রার্থীদের পক্ষে আমি তৃণমূল পর্যায়ে কাজ করেছি। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।


কামরুল হাসান চৌধুরী শাহিন ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্ররাজনীতিতে ফাহিম-আলী কমিটিতে তিনি সিলেট জেলা ছাত্রদলের সদস্য ছিলেন। পরে যুগ্ম আহবায়ক হয়েছিলেন। পরবর্তীতে তিনি সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি এবং ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে জেলা ছাত্রদলের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদে রয়েছেন।


স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সামনের সারির ছাত্রনেতা ছিলেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় কারাবরণসহ পুলিশি নির্যাতনের শিকার হন। জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।


কামরুল হাসান চৌধুরী শাহিন তাঁর রাজনৈতিক জীবনের বর্ণনা করতে গিয়ে জানান, আমি ২০১৩-১৪ সালের আন্দোলনে ছিল পুলিশি গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হই এবং সিলেট সিটি করপোরেশন নির্বাচনে পুলিশি হামলা ও মামলার শিকার হই। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নামকরণবিরোধী আন্দোলনেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠায়, বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সম্মুখসারিতে আন্দোলন সংগ্রাম করেছি। অংশ নিয়েছি জুলাই গণঅভ্যুত্থানে।


কামরুল হাসান চৌধুরী শাহিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামে। গত সংসদ নির্বাচনে তিনি সিলেট-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল এমরান আহমদ চৌধুরীকে মনোনয়ন দেওয়ার পর তিনি সার্বক্ষণিক নির্বাচনি প্রচারণায় ছিলেন।




এইচ বি বা