প্রকাশিত

১১/০৪/২০২৬ ০৩:৪৮:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সিলেটে ‘কৃষকের হাট’ চালু

সিলেটে ‘কৃষকের হাট’ চালু প্রথমবারের মতো

প্রকাশিত: ১১/০৪/২০২৬ ০৩:৪৮:০০ অপরাহ্ন

ছবি: ।

মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত এবং ভোক্তাদের জন্য সাশ্রয়ী দামে নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে সিলেটে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় চালু হয়েছে ‘কৃষকের হাট’। আজ শনিবার সকালে সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে এই হাটের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে “সরাসরি কৃষকের কাছ থেকে নিরাপদ ও তাজা পণ্য” স্লোগানে শুরু হওয়া এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকরা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ পাবেন এই হাটের মাধ্যমে। 


উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির বলেন, আমাদের সেই সমস্ত জায়গায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন উদ্যোগ নিবেন, যাতে কৃষকরা একত্রিত হয়ে তাদের উৎপাদিত পণ্যগুলি সপ্তাহের একদিন বা দুই দিন বা তার থেকে বেশি দিন বাজারগুলি হবে। সেটি যে যে সমস্ত জায়গায় স্থানীয় প্রশাসনরা ঠিক করবেন চাহিদা অনুযায়ী, সেই সমস্ত জায়গায় তাদের পণ্যগুলি নিয়ে আসবে। যেহেতু জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বিষয়টি মনিটর করবেন, ট্রাক ভাড়া কৃষকরাই দেবেন, যারা পণ্য বিক্রি করবেন তারাই ট্রাক ভাড়া দেবেন। যেহেতু প্রশাসন নজরদারি রাখবেন বিষয়টির ওপর, সেজন্য এখানে অন্তত অনাকাঙ্ক্ষিত কোনো খরচ যুক্ত হবে না। ​আমরা বিভিন্ন সময় শুনি এখানে সেখানে চাদা দিতে হয়, হয়রানির শিকার হতে হয়। যেহেতু প্রশাসনের নজরদারির মধ্যে বিষয়টি সংগঠিত হবে, এখানে কোনো অহেতুক কোনো খরচের কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে, উৎপাদন এবং ভোক্তার মাঝখানে একাধিক স্তর থাকে। যে কারণে অনেক সময় বাজারে ম্যানিপুলেশন হয়। এই স্তরটি এই কৃষকের হাটের জন্য এই স্তর যদি বিলুপ্ত হয় তাহলে কৃষকও ভালো দাম পাবেন, আবার ক্রেতারাও ভালো দাম পাবেন। দুইজনের জন্যই একটা উইন-উইন সিচুয়েশন। আর হুট করে বাজারে দাম বাড়বে না। বাজারে এটি একটি কাউন্টার ব্যালেন্স হিসেবে কাজ করবে। এটিই হলো মূলত উদ্দেশ্য।


তিনি আরও বলেন, ​একইভাবে আগামী দিনে বাংলাদেশে যাতে তেল এবং অন্যান্য তেল, ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় আমদানির ওপর নির্ভরশীল পণ্যগুলি যাতে স্থিতিশীল থাকে সেজন্য আমরা অনেকগুলি পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলোর মধ্যে একটি হচ্ছে পুরো সাপ্লাই চেইন—আমদানি থেকে শুরু করে খুচরা পর্যন্ত বিক্রয়—এই পুরো সাপ্লাই চেইন আমরা এআই (AI) জেনারেটেড একটা মডেল। আমদানিকারক, প্রত্যেক বিক্রেতা, প্রত্যেক পাইকারি বিক্রেতা এবং প্রত্যেক খুচরা বিক্রেতা, সিলেটের একটি প্রত্যন্ত উপজেলার প্রত্যন্ত বাজারের খুচরা বিক্রেতা; এই প্রত্যেকের নাম এই সাপ্লাই চেইন মডেলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবং বাজার নজরদারি, বাজারের খোঁজখবর করা—এটি নিয়ন্ত্রণ নয়, খোঁজ রাখার মেকানিজমটা সরকারের জন্য অনেক সহজ হবে।


​খন্দকার মুক্তাদির বলেন, আগামী দিনে সরকারের যে অর্গান যেটা নিত্যপ্রয়োজনীয় এসেনশিয়াল কমোডিটি ইমপোর্ট করে, সেই টিসিবির কার্যক্রম আমরা জোরদার করব। টিসিবি এখনো বছরে ৩২-৩৩শ কোটি টাকা সরকার ভর্তুকি দেয় টিসিবির এই কাজের জন্য। টিসিবির খরচের জন্য না, যে ভর্তুকির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে কম মূল্যে খাদ্যশস্য সরবরাহ করা। আমরা ধীরে ধীরে ভর্তুকি কমিয়ে আনব কিন্তু টিসিবির মার্কেট ইন্টারভেনশনের পরিমাণ বাড়াব। বাজারে যাতে টিসিবি আরও বেশি পণ্য আমদানি করে মার্কেটের একটা অংশের উপরে একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে কাজ করে, সেজন্য টিসিবির কাজের পরিধি আমরা বাড়াব। ​তো এরকম বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ এই ম্যান্ডেটের মধ্যে, আমাদের এই মেয়াদকালের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য হঠাৎ করে লাফ দেয়, বাজার কারো ম্যানিপুলেশনের শিকার হয়, কোনো সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়—এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা বিদায় দেব।


তিনি বলেন, আমি যখন আমাদের সম্মানিত কৃষক ভাইদের সাথে আলাপ করছিলাম, তখন একজন বলছিলেন যে সেচ ব্যবস্থার অভাবের কথা। আপনাদেরকে আশ্বস্ত করে বলছি, যে দলটি আমি করি, সেই দলটির যিনি প্রতিষ্ঠাতা, বাংলাদেশে সেচ ব্যবস্থার বিপ্লবায়নের মাধ্যমে কৃষির ব্যাপক প্রসারের ধারণাটা জনক তিনি, যেভাবে বিএনপি জনক। তো তাঁরই সেই ধারাবাহিকতায় আমাদের বর্তমান সরকারও খাল কাটার উপরে জোর দিয়েছেন। আমরা আশা করছি আগামী ২ তারিখ আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব সিলেটে আসবেন এবং সিলেটের বাসিয়া খালটির পুনঃখনন তিনি নিজে উদ্বোধন করবেন।


সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুজ্জামান বক্তব্য রাখেন।

এছাড়া হাটখোলা ইউনিয়নের শিবের বাজারের কৃষক আলামিন চৌধুরীও বক্তব্য রাখেন।



এইচ বি বা