প্রকাশিত

১৭/০৪/২০২৬ ০৭:৪৯:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ইলিয়াস আলীর নিখোঁজের ১৪ বছর; গুম না হত্যাকান্ড? আজও অমিমাংসিত

ইলিয়াস আলীর নিখোঁজের ১৪ বছর; গুম না হত্যাকান্ড? আজও অমিমাংসিত

প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ০৭:৪৯:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেটের রাজনীতিতে একসময় যার উপস্থিতিতে মুখর থাকত রাজপথ, সেই বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী’র নিখোঁজের ১৪ বছর পূর্ণ হলেও আজও মেলেনি তার কোনো সন্ধান। ২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে ঢাকার বনানী এলাকা থেকে তার ব্যক্তিগত গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন তিনি। এরপর থেকে তার ভাগ্যে কী ঘটেছে, তা এখনো অজানা রয়ে গেছে।

ইলিয়াস আলী শুধু একজন রাজনীতিবিদই ছিলেন না, সিলেটবাসীর কাছে ছিলেন আস্থার প্রতীক। আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে তার উত্থান ঘটে। পরবর্তীতে জাতীয় রাজনীতিতে যুক্ত হয়ে সিলেটের বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ এলাকায় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনে তার দৃঢ় নেতৃত্ব তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

তার নিখোঁজ হওয়ার ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। বনানীর সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে তার ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দেশজুড়ে আন্দোলন-বিক্ষোভ হলেও আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পর থেকে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও সন্তানরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিটি উৎসব ও পারিবারিক মুহূর্তে তার অনুপস্থিতি তীব্রভাবে অনুভূত হয়। বিগত শেখ হাসিনা সরকারের আমলে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বিভিন্ন সময়ে বলেছেন, আমরা শুধু জানতে চাই তিনি কোথায় আছেন। একটি মানুষ এভাবে হারিয়ে যেতে পারে না।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সিলেটের সাধারণ মানুষ এখনো বিশ্বাস করেন, তাদের প্রিয় নেতা একদিন ফিরে আসবেন। তার প্রভাব এখনো সিলেটের রাজনীতিতে বিদ্যমান।

ইলিয়াস আলীর অনুপস্থিতিতে তার নির্বাচনী এলাকায় রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তার সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ওই আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

গত ৩০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে লুনা বলেন, মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকার সকল জনগন এবং বাংলাদেশের যখন যেখানে গিয়েছি সকলের একটিই প্রশ্ন ছিল আমার কাছে, ইলিয়াস কোথায়? ইলিয়াস আলীর কোনো খবর জানেন কি না। আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়?

তিনি আরও বলেন, ইলিয়াস আলী ছাড়াও সিলেটের ছাত্রনেতা দিনার, জুনেদ, আনছার আলী এবং সুমন পারভেজসহ যেসব ব্যক্তি গুম হয়েছেন, তাদের পরিবারও আজ একই প্রশ্ন করছে তাদের স্বজন কোথায়, তাদের পরিণতি কী। তিনি গুমের সঙ্গে জড়িতদের বিচার এবং ভুক্তভোগী পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান।

গত ২ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ইলিয়াস আলীর গুমের ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। তিনি দাবি করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তাকে অপহরণের পর হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে।

বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হৃদয়বিদারক আখ্যা দিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় বিচারহীনতা থাকতে পারে না। তিনি লুনাকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত নোটিশ দেওয়ার পরামর্শ দেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিষয়টি বিবেচনার কথাও উল্লেখ করেন।

এদিকে, ইলিয়াস আলীর নির্বাচনী এলাকার নেতাকর্মীরা দাবি করছেন, তিনি এখনো জীবিত এবং শিগগিরই জনগণের মাঝে ফিরে আসবেন। তাদের দাবি, ইলিয়াস আলী এখনো জীবিত আছেন।

বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের নেতা এম ইলিয়াস আলীর বিষয়টি আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তাই আমরা মনে করি তিনি এখনো জীবত আছেন এবং অতি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা এম ইলিয়াস আলীর মাধ্যমে ছাত্র রাজনীতিতে এসেছিলাম আমরা মনে করি তিনি আবারও ফিরে আসবেন এবং তার হাত ধরেই আমরা রাজনীতি করব।

ইলিয়াস আলী নিখোঁজের দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও তার নিখোঁজ রহস্যের কোনো সমাধান হয়নি। তিনি গুম হয়েছেন নাকি হত্যাকান্ডের শিকার? তিনি কি আদৌ বেঁচে আছেন? এই প্রশ্নগুলো আজও অমিমাংসিত। পরিবার, অনুসারী এবং সাধারণ মানুষের মনে এখনো একটাই প্রশ্ন ইলিয়াস আলী কোথায়? এর উত্তর আজও অজানা।

এদিকে, ইলিয়াস আলীর নিজ এলাকা ওসমানীনগর, বিশ্বনাথ ও বালাগঞ্জে পৃথক কর্মসূচির আয়োজন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এইচ বি বা