শান্তিগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
শান্তিগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশিত: ১২/০৪/২০২৬ ১১:৫২:০০ অপরাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দ্বিমাসিক শিক্ষক সমন্বয় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় উপজেলার ব্রাহ্মণগাঁও গ্রামের শ্রীশ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কাকলী রানী মজুমদার। সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক রবীন আচার্যের সভাপতিত্বে সভায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার কিশোর আচার্য। ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল বিশ্বাসের সঞ্চালনায় এতে জেলার ১২টি উপজেলার ১৭০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
আয়োজকেরা জানান, দিনব্যাপী এই সভায় শিশুদের পাঠদান পদ্ধতি ও প্রকল্পের গুণগত মানোন্নয়ন নিয়ে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা বিস্তারে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষার মানকে আরও ত্বরান্বিত করবে।
সমন্বয় সভায় এক ব্যতিক্রমী উদ্যোগে দিরাই রিপোর্টার্স ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক তাঁর প্রয়াত বাবার বিদেহী আত্মার শান্তি কামনায় উপস্থিত শিক্ষকদের হাতে পবিত্র ‘শ্রীমদ্ভাগবদগীতা’ তুলে দেন।
সভায় সুনামগঞ্জ জেলা কার্যালয়ের কম্পিউটার অপারেটর যীশু কুমার দাস, ফিল্ড সুপারভাইজার নিউটন মহন্ত উপস্থিত ছিলেন।
এইচ বি বা