প্রকাশিত

২০/০৪/২০২৬ ০৮:৩২:৩০ অপরাহ্ন

সিলেট জুড়ে

কাল শুরু এসএসসি পরীক্ষা

সিলেট বোর্ডে অংশ নিচ্ছে ৮৯ হাজারের বেশি শিক্ষার্থী

প্রকাশিত: ২০/০৪/২০২৬ ০৮:৩২:৩০ অপরাহ্ন

ছবি: এসএসপরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা।

সারাদেশের মতো সিলেটেও কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। সকাল ১০টা থেকে একযোগে শুরু হবে এই পাবলিক পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় ২ হাজার ৭৯৮ জন কম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলায় মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।
জেলাভিত্তিক তথ্য দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে সিলেট জেলায়। এখানে ৩৫ হাজার ৩৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। এ জেলায় ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে এবং কেন্দ্র রয়েছে ৯৪টি। মৌলভীবাজার জেলায় মোট পরীক্ষার্থী ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ২৮২ জন। এ জেলায় ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩৭টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। সুনামগঞ্জ জেলায় পরীক্ষার্থী ১৮ হাজার ৩৮৩ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৫১৫ জন এবং ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। এখানে ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪৫টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থী ১৫ হাজার ৭৯৪ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ৬৩ জন এবং ছাত্রী ৯ হাজার ৭৩১ জন। এ জেলায় ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং কেন্দ্র রয়েছে ৪৯টি।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, এবারের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৫ হাজার ১৫৮ জন, মানবিক বিভাগ থেকে ৫৮ হাজার ৩২ জন এবং ব্যাবসা শিক্ষা বিভাগ থেকে ৬ হাজার ২৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদিকে পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সব কেন্দ্রেই নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। নিরাপত্তা, প্রশ্নপত্রের গোপনীয়তা ও নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকেও জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্তসংখ্যক শিক্ষক, কক্ষ পরিদর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়দা গুলশান সিদ্দিকা বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা আশা করছি, পরীক্ষার্থীরা একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা দিতে পারবে।


শুভ প্রতিদিন/এমকে