দুধ-ডিম-ফল সরবরাহে গরমিল, কোটি টাকার প্রকল্পে অপচয়ের আশঙ্কা
ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ: নিম্নমানের খাবারে স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা
প্রকাশিত: ২১/০৪/২০২৬ ১১:৪১:৫১ পূর্বাহ্ন
ছবি: ।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পুষ্টিকর ও মানসম্মত খাদ্য সরবরাহের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের ও কখনও মেয়াদোত্তীর্ণ খাবার বিতরণ করা হচ্ছে, ফলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।
জানা গেছে, উপজেলার ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৯২২ জন শিক্ষার্থীর জন্য গত ৪ এপ্রিল থেকে ‘হাসান এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খাদ্য সরবরাহ শুরু করে। উপস্থিতি ৯০ শতাংশ ধরে খাদ্য সরবরাহের কথা থাকলেও বাস্তবে বিভিন্ন খাদ্যপণ্যে অনিয়ম ও গরমিলের অভিযোগ পাওয়া গেছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক খাদ্যতালিকায় রোববার পাউরুটি, সোমবার পাউরুটি ও তরল দুধ, মঙ্গলবার ফোর্টিফায়েড বিস্কুট ও মৌসুমি ফল এবং বুধবার ও বৃহস্পতিবার পাউরুটি ও সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও অধিকাংশ বিদ্যালয়ে এই তালিকা মানা হচ্ছে না।
শিক্ষকদের অভিযোগ, প্রতি সোমবার দুধ দেওয়ার কথা থাকলেও গত দুই সপ্তাহে অধিকাংশ বিদ্যালয়ে মাত্র একদিন দুধ সরবরাহ করা হয়েছে।
একইভাবে মঙ্গলবার মৌসুমি ফল সরবরাহও অনিয়মিত। অনেক ক্ষেত্রে শক্ত ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি, নষ্ট ডিম এবং সময়মতো খাদ্য না পাওয়ার ঘটনাও ঘটছে। এমনকি সিদ্ধ ডিম দেওয়ার কথা থাকলেও অনেক বিদ্যালয়ে কাঁচা ডিম সরবরাহ করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, কাগজে-কলমে হিসাব দেখিয়ে বিল উত্তোলনের মাধ্যমে সরকারের অর্থ অপচয় করা হচ্ছে। সংশ্লিষ্টদের দাবি, দুধ ও কলা সরবরাহে অনিয়মের কারণে মাত্র ১২ দিনেই প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের আশঙ্কা রয়েছে। এছাড়া সপ্তাহে একদিন দুধ সরবরাহ না করলে প্রায় ৭ লাখ টাকা অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, উত্তর খুরমা ইউনিয়নের মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬ এপ্রিল পর্যন্ত দুধ ও কলা সরবরাহ করা হয়নি। চাইরচিরা রণমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র একদিন দুধ দেওয়া হয়েছে এবং একদিন মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ রয়েছে।
কাশিপুর চিকনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিনে তিন দিনের দুধ সরবরাহ করা হলেও আগের দিনগুলোতে দেওয়া হয়নি। চারিগ্রাম চরদুর্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একদিন দুধ দেওয়া হলেও পাউরুটির মান ছিল নিম্নমানের। দক্ষিণ কুর্শি এলাকার একাধিক বিদ্যালয়ে এ পর্যন্ত মাত্র একদিন করে দুধ ও কলা সরবরাহ করা হয়েছে।
খারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানান, ১৯৫ শিক্ষার্থীর মধ্যে ১৬৮ জন খাবার পাচ্ছে এবং দুধ-কলাও মাত্র একদিন করে দেওয়া হয়েছে। চরচৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায়ই ৪-৫টি নষ্ট ডিম পাওয়া যায় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে নির্ধারিত দিনগুলোতে দুধ সরবরাহ না করা এবং কিছু বিদ্যালয়ে একেবারেই দুধ ও ফল না দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগের বিষয়ে দুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘হাসান এন্টারপ্রাইজ’-এর ছাতক সুপারভাইজার রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, তারা দুধ ও বিস্কুট সরবরাহ করে না, বরং কলা, পাউরুটি ও ডিম সরবরাহ করেন। শুরুতে কিছু ত্রুটি থাকলেও তা এখন সংশোধন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ দেরিতে খাদ্য বিতরণ করে বলেও দাবি করেন তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ বলেন, “সরকারের প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্পটি কেন্দ্র থেকে মনিটরিং করা হচ্ছে। শুরুতে কিছু ত্রুটি থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেসব খাদ্যপণ্য সরবরাহ করা হয়নি, সেগুলো তদন্ত করে পরবর্তী বিল অনুমোদনের সময় বিবেচনা করা হবে।”
এইচ বি বা