আবেগঘন পোস্টে বিদায়ী সভাপতি বিমান রায়
দায়িত্ব ছাড়লেন, সংগঠন ছাড়ছেন না, আবেগঘন পোস্টে বিদায়ী সভাপতি বিমান রায়
প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০১:৫৪:০২ অপরাহ্ন
ছবি: ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন এডভোকেট বিমান কান্তি রায়। তবে পদ ছাড়লেও সংগঠন থেকে সরে যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। গত ২৬ আগস্ট বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে দীর্ঘদিনের পথচলা, বিদায়ের অনুভূতি ও নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান সদ্য বিদায়ী সভাপতি। পোস্টে তিনি লিখেছেন, ‘দায়িত্বের চেয়ার ছেড়ে দেওয়া যায়, কিন্তু মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ছেড়ে দেওয়া যায় না। পদ থেকে বিদায় নেওয়া যায়, কিন্তু ভালোবাসা, স্মৃতি আর আত্মিক সম্পর্কের বন্ধন থেকে বিদায় নেওয়া যায় না।’ সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে কোনো সিদ্ধান্তে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে তিনি বলেন, সংগঠনের স্বার্থ, কল্যাণ ও ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, মত ও চিন্তার পার্থক্য থাকতে পারে, তবে লক্ষ্য যেন ভিন্ন না হয়। ব্যক্তির চেয়ে সংগঠন বড়, আর সংগঠনের চেয়েও বড় পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও ঐক্য। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘পথ থাকবে না, কিন্তু সম্পর্ক থাকবে। দায়িত্ব থাকবে না, কিন্তু দায়িত্ববোধ থাকবে। সভাপতি থাকবো না, কিন্তু আপনাদের একজন হয়ে থাকবো।’ এদিকে নবনির্বাচিত সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশ, সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীসহ পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়।
এইচ বি বা