উন্নয়নকাজ ব্যাহত, টেকসই সড়ক নিয়ে শঙ্কায় স্থানীয়রা
গোয়াইনঘাটে সড়ক উন্নয়ন কাজে বাঁধা ৯০ গাছ,আড়াই বছরেও অপসারণ হয়নি
প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০১:৫৬:১২ অপরাহ্ন
ছবি: ।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে হাদারপার - দমদমা সড়কের আরসিসি ঢালাই উন্নয়নকাজ আটকে আছে সড়কের মধ্যে থাকা ৯০ টি বিভিন্ন প্রজাতির গাছের কারণে। সড়কের ওপর থাকা এসব গাছ রেখেই উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হয়েছে। ফলে নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও সড়কের কাজ শেষ হয়নি,অন্যদিকে গাছ রেখেই ঢালাই করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা এলজিইডি সূত্রে যায়, হাদারপার ভাটরাই ভোলাগঞ্জ জিসি সড়কে হাদারপার - দমদমা সড়কে সাড়ে ৬ কিলোমিটার সড়কের অংশে আরসিসি ঢালাই ও ৭ টি কালভার্ট কাজের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। কাজটি বাস্তবায়নে ২৬ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে চুক্তি মূল্য কাজটি পায় মেসার্স কামরুল এন্ড ব্রাদার্স নামে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ১৬ ডিসেম্বর কাজটি শুরু হয়।২০২৬ সালের ২৮ জুন মেয়াদ শেষ হলেও বগাইয়া থেকে দমদমা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে তালিকা করা ৯০ টি গাছের জন্য সড়কের উন্নয়ন কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের। এদিকে কাজের মেয়াদ শেষ হলেও সড়কের বিভিন্ন স্থানে গাছ রেখেই ঢালাই করায় যানবাহন চলাচল ও যাতায়াত ভোগান্তির সৃষ্টি হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়,বগাইয়া থেকে দমদমা পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে মাঝ বরাবর সারী সারী গাছ দাঁড়িয়ে রয়েছে। গাছের গোড়া ঘেঁষে সিসি ও আরসিসি ঢালাই কাজ করা হয়েছে।বিভিন্ন স্থানে গাছকে পাশ কাটিয়ে ঢালাই দেওয়ায় সড়কের স্বাভাবিক প্রস্থ ও আকৃতি ব্যাহত হয়েছে। কোথাও কোথাও গাছের শিকড় কেটে সড়কের আরসিসির গার্ডওয়াল দেওয়া হয়েছে। এতে যানবাহন চলাচলেও ঝুঁকি ও ভোগান্তি সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ,প্রায় আড়াই বছর আগে সড়কের উন্নয়ন কাজ শুরু হয়।কাজের শুরুতেই সড়ক উন্নয়ন কাজের স্বার্থে গাছ গুলো কাটার তালিকা করে বন বিভাগ।অনেক আগেই উন্নয়ন কাজে বাঁধা দেওয়া এসব গাছ অপসারণের কথা থাকলেও সংশ্লিষ্ট বন বিভাগ এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ নেয়নি। ফলে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে চলমান উন্নয়নকাজ কাঙ্ক্ষিত মানে সম্পন্ন হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলেন, সড়কের মধ্যে গাছ রেখেই ঢালাই করা হয়েছে। ভবিষ্যৎতে গাছের শিকড়ের কারণে সড়কে ফাটল ও ভাঙ্গন দেখা দিতে পারে।এতে অল্প সময়ের মধ্যেই সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবী, গাছগুলো দ্রুত অপসারণ করে সড়কের অসম্পূর্ণ অংশ যথাযথভাবে নির্মাণ করা হোক। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ম্যনেজার জুবায়ের আহমদ জানান, সড়কের কাজের শুরু থেকেই এলজিইডি কর্তৃপক্ষকে বলে আসছি উন্নয়ন কাজে বাঁধা দেওয়া এসব গাছ কেটে অপসারণের ব্যবস্থা নিতে ।কিন্তু এখন পর্যন্ত কোন ব্যবস্থা হয় নি।তিনি বলেন,এসব গাছের কারণেই আমাদের অনেক ক্ষতি ও ব্যয় হয়েছে।বাধ্য হয়েই বিভিন্ন স্থানে গাছের অংশে কাজ রেখেই উন্নয়ন কাজ করে আসছি।গাছ কাটা হলে বাকী অংশের ঢালাই কাজ করে দেওয়া হবেও বলে জানান তিনি। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা প্রকৌশলী (এলজিইডি) হাসিব আহামেদ বলেন,হাদারপার - দমদমা সড়কে উন্নয়ন কাজে আটকে রাখা গাছের বিষয়ে কাজের শুরুতেই বন বিভাগ কে অবহিত করেছি।সারী রেঞ্জ কর্মকর্তা ১ মাস আগে জানিয়েছিলেন যে গাছগুলো টেন্ডার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত গাছ কাটা হয় নি যার কারণে সড়কের উন্নয়ন কাজ আটকে আছে।এরপর থেকে গাছের বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তার কে ফোন দিলে তিনি আর ফোন রিসিভ করেন না। এ বিষয়ে বন বিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম ইসলাম বলেন, সড়কের উন্নয়ন কাজে বাধা দেওয়া বিভিন্ন প্রজাতির ৯০ টি গাছ তালিকা করে টেন্ডারের মাধ্যমে টাঙ্গাইলের এক মহলদার নিয়েছে।ওই মহলদার আগামী সাপ্তাহের মধ্যে গাছ কাটা শুরু করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, সড়কের উন্নয়ন কাজে বাধা দেওয়া গাছগুলো অপসারণের বন বিভাগ কর্তৃপক্ষ কে বলা হয়েছে। তারা খুব দ্রুত গাছগুলোর ব্যাপারে ব্যবস্থা নিবেন।
এইচ বি বা