প্রকাশিত

২৭/০৮/২০২৬ ০৬:৫২:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

সন্দেহ থেকেই শাহাব উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে

সন্দেহ থেকেই শাহাব উদ্দিন হত্যা: পুলিশ

প্রকাশিত: ২৭/০৮/২০২৬ ০৬:৫২:০০ অপরাহ্ন

ছবি: ।

সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বলেছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া জালালের সঙ্গে রেহানা পারভীন নামের এক নারীর প্রেমঘটিত সম্পর্ক ছিল। ওই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর কথা থাকলেও গত প্রায় তিন মাস ধরে বিয়ে নিয়ে দুজনের মধ্যে টানাপোড়েন চলছিল।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় এমএমপি সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
কমিশনার জানান, দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে জালালের সন্দেহ হয়, রেহানা তার কাছ থেকে সরে যাচ্ছেন। শাহাব উদ্দিনের সঙ্গে রেহানার নিয়মিত কথাবার্তা ও হাসিঠাট্টা হতো জানতে পেরে জালাল সন্দেহ করেন, সম্পর্কটি শাহাব উদ্দিনের দিকে মোড় নিচ্ছে কি না। এই সন্দেহ থেকেই শাহাব উদ্দিনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে বলে জানান তিনি।
গত রোববার দিবাগত রাতে নিজ বাসার কাছ থেকে গুরুতর আহত অবস্থায় শাহাব উদ্দিনকে স্বজনেরা উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, স্থানীয় একজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাঁর ঘাড়ে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন ছিল।
নিহত শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরাণ এলাকায় থাকতেন। চারখাই বাজারে তাঁর ভোগ্যপণ্যের ব্যবসা ছিল। তিনি দুই ছেলে ও দুই মেয়ের বাবা। তাঁর এক ছেলে ফ্রান্সে থাকেন।
ঘটনার পরদিন মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে শাহপরাণ মাজার এলাকা থেকে জালালকে (৩৫) গ্রেপ্তার করে পুলিশ।


সিলেট/তা/৫