তীব্র নিন্দা ও প্রতিবাদ
জৈন্তাপুরে শাপলা ফিলিং স্টেশনে সন্ত্রাসী হামলা ও জ্বালানি বিক্রি বন্ধের অভিযোগ
প্রকাশিত: ১০/১০/২০২৬ ০১:৫০:০০ পূর্বাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত সারিঘাটে অবস্থিত মেসার্স শাপলা ফিলিং স্টেশনে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, কর্মচারীদের জিম্মি করে প্রায় ৮ ঘণ্টা জ্বালানি বিক্রি বন্ধ রাখার গুরুতর অভিযোগ আমাদের সংগঠনের নজরে এসেছে।
প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার ভোর আনুমানিক ৩টায় একদল দুর্বৃত্ত চাঁদা আদায়ের উদ্দেশ্যে ফিলিং স্টেশনে হামলা চালিয়ে কর্মচারীদের জিম্মি করে পাম্পের কার্যক্রম বন্ধ রাখে।
এ ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগ তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
আমরা জানতে পেরেছি, বিষয়টি জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। তবে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দৃশ্যমান অগ্রগতি না থাকায় আমরা গভীর উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করছি।
আমরা অবিলম্বে অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সকল ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। আশা করি, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে অ্যাসোসিয়েশন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ।
বিজ্ঞপ্তি
কেএন