প্রকাশিত

১২/১০/২০২৬ ০৭:৪৬:২০ অপরাহ্ন

সিলেট জুড়ে

১৫ দিনে ৪২ ওয়ার্ডে কর্মসূচি

সিলেট নগরীতে কুকুরের গণটিকাদান শুরু

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৭:৪৬:২০ অপরাহ্ন

সিলেট নগরীতে কুকুরের গণটিকাদান শুরু

ছবি: সিলেট নগরীতে মাস ডগ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিসিক প্রশাসক।।

, জলাতঙ্কের ঝুঁকি কমাতে সিলেট নগরীতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এই কর্মসূচিতে প্রতিটি কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হবে এবং টিকাপ্রাপ্ত কুকুরগুলোকে বিশেষ রং দিয়ে চিহ্নিত করা হবে।

সোমবার (১২ অক্টোবর) সকালে নগরীর মির্জাজাঙ্গালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে সিসিকের অর্থায়নে জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় ‘মাস ডগ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’-এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রাণী নিধন না করে কুকুরকে টিকা দেওয়ার মাধ্যমে নগরবাসীকে জলাতঙ্কের ঝুঁকি থেকে নিরাপদ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, আগে কুকুরের উপদ্রব বাড়লে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কুকুর নিধনের উদ্যোগ নিলেও বর্তমানে প্রাণী নিধনের সুযোগ নেই, তাই টিকাদানই কার্যকর পথ।

প্রশাসক বলেন, নগরীর যেসব এলাকায় উচ্ছিষ্ট ও পরিত্যক্ত খাবার পড়ে থাকে, সেখানে কুকুরের বিচরণ বেশি। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় কুকুরের উপদ্রবের অভিযোগও এসেছে। এসব বিবেচনায় নিয়ে নগরবাসীর নিরাপত্তায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। টিকাদানের ফলে কুকুরের কামড়ে জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে কেউ কুকুরের কামড়ের শিকার হলে বিষয়টি অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্কের টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো এলাকায় কুকুরের উপদ্রব বেশি হলে সিসিকের হটলাইন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সিভিল সার্জনের কার্যালয়ে জানাতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান থেকে কুকুরের উপদ্রব নিয়ে অভিযোগ পাওয়ার পর সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগ সমন্বিতভাবে এই কর্মসূচি নেয়। প্রতিটি কুকুরকে টিকা দেওয়ার পর রং দিয়ে চিহ্নিত করা হবে, ফলে টিকা পাওয়া ও না পাওয়া কুকুর সহজে শনাক্ত করা যাবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ম্যাস ডগ ভ্যাকসিনেশন এক্সপার্ট ডা. হাবিবুর রহমান এবং ওয়ার্ল্ড ওয়াইড ভেটেরিনারি সার্ভিসের টিম কো-অর্ডিনেটর ডা. মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রাণিসম্পদ কার্যালয় এই কর্মসূচিতে কারিগরি সহায়তা দিচ্ছে।

 

s /a