ছবি: শুভ প্রতিদিন ২০-১১-২০২৫ ইং।
#এগিয়ে পুরুষ, তালিকায় ৮৭ হিজড়া ভোটার জন শুধু সিলেট জেলা নয়, ভোটার বেড়েছে এ বিভাগের সবকটি জেলায়। চারজেলার মধ্যে সবচেয়ে বেশী ভোট বেড়েছে সিলেট জেলায়। কম ভোটার মৌলভীবাজার জেলায়। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জনে। আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট থেকে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বলছে, পুরো সিলেট বিভাগে পুরুষ ভোটার নারীদের তুলনায় এগিয়ে থাকলেও ভোটের ব্যবধান খুব বেশি নয়। প্রায় ৩ লাখ ৪০ হাজারের মতো। আঞ্চলিক নির্বাচন অফিস সিলেট কার্যালয়ের তথ্য অনুযায়ী, সিলেট মহানগরসহ ৪১টি উপজেলা, ৩৪০টি ইউনিয়ন ও ১৯টি পৌরসভা মিলিয়ে মোট ভোটার দাঁড়িয়েছে ৯১ লাখ ৬৮ হাজার ৬৬ জন। বিভাগের চার জেলার মধ্যে প্রবাসী অধ্যুষিত সিলেট জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছে। এখানে মোট ভোটার ৩১ লাখ ১৩ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ২৪ হাজার ৯৭০ জন, মহিলা ১৪ লাখ ৮৮ হাজার ৪০৮ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১৮ জন। হাওর-বেষ্টিত সুনামগঞ্জ জেলায় বর্তমানে ভোটার সংখ্যা ২২ লাখ ৭৪ হাজার ১০৩ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৭৭ হাজার ৭২৬ জন, মহিলা ভোটার ১০ লাখ ৯৬ হাজার ৩৪৪ জন ও হিজড়া ভোটার রয়েছেন ৩৩ জন। চা-বাগান অধ্যুষিত মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৭ লাখ ৭২ হাজার ৬৮৮ জন। পুরুষ ভোটার রয়েছেন ৯ লাখ ১৯ হাজার ৮১৩ জন ও মহিলা ভোটার ৮ লাখ ৫২ হাজার ৮৬৭ জন। এই জেলায় হিজড়া ভোটার সংখ্যা ৮ জন। হবিগঞ্জ জেলায় মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৭ হাজার ৮৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩২ হাজার ৩৪৫ জন, মহিলা ভোটার ৯ লাখ ৭৫ হাজার ৫০৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২৮ জন।
শুভ প্রতিদিন/এমকে