অনৈতিক কার্যক্রমের অভিযোগ, সিলেটে আরও একটি হোটেল সিলগালা
প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৬:০৬:৪১ অপরাহ্ন
ছবি: ।
সিলেট নগরে অনৈতিক কার্যক্রম চালানোর অভিযোগে আরও একটি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বুধবার বিকেলে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে এমএজি ওসমানী মেডিকেল কলেজ রোডে অবস্থিত চৌধুরী আবাসিক হোটেল সিলগালা করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে এক নারী (৩২) ও এক পুরুষকে (৪২) আটক করা হয়। পরে সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
অভিযান সম্পর্কে এসএমপি’র উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়ায় হোটেলটি সিলগালা করা হয়েছে। এর আগে একই অভিযোগে গত অক্টোবর মাসে সিলেট নগরের ছয়টি হোটেল সিলগালা করেছিল এসএমপি।
শুভ প্রতিদিন/এমকে