এনসিপি গণতান্ত্রিক উপায়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে
প্রকাশিত: ২২/১১/২০২৫ ১২:২৯:১২ পূর্বাহ্ন
ছবি: ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য ও সিলেট-৩ আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেছেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশকে একটি আধুনিক ও স্বনির্ভর দেশ হিসেবে স্বপ্ন দেখা শুরু করেছে দেশের মানুষ। গত জুলাইতে একটি আকাঙ্খা নিয়ে একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশের তরুণরা আবাবিলের মতো রাজপথে নেমে এসেছিল। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনার জবাবে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, যাদের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছিল সেই একদফার ঘোষক নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, জুলাই’র আকাঙ্খা পূরণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে যাত্রা শুরু করেছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, বাংলাদেশের সংষ্কার এবং একটি নতুন সংবিধানের জন্য আমরা রাজনৈতিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে। গণতান্ত্রিক উপায়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সকল আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবো এবং বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাআল্লাহ। ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এদিন সন্ধায় মোগলাবাজারে আয়োজিত পথসভাও বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী খায়রুল ইসলাম চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব সালমান আহমদ খোরশেদ, আব্দুল ওয়াদুদ শিপন, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, নুরুল ইসলাম, সদস্য সোহেল আহমদ মুছা, মহানগরের যুগ্ম সমন্বয়কারী বিলাস আহমদ, নাইম শেহজাদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান, সিলেট জেলা কমিটির মূখ্য সংগঠক পারভেজ আহমদ, যুগ্ম আহ্বায়ক সাবের সালেহ চৌধুরী, কামরুল হাসানসহ এনসিপি, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি, জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ এবং সিলেট-৩ আসনের ৩টি উপজেলার বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এমকে