প্রকাশিত

২৩/১১/২০২৫ ১২:৪২:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

অলি-আউলিয়াদের পুণ্যভূমিতে দুর্নীতি হওয়ার কথা নয়

দুর্নীতির দৌরাত্ম্যে হারিয়ে গেছে সিলেট : দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ১২:৪২:০০ অপরাহ্ন

ছবি: কাজি নজরুল অডিটরিয়ামে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, সিলেট কোনো সাধারণ জেলা নয়, এটি অলি-আউলিয়াদের পুণ্যভূমি। যেখানে হযরত শাহজালাল (র.) এসেছিলেন ৩৬০ আউলিয়া নিয়ে। এমন মাটিতে দুর্নীতি হওয়ার কথা নয়। তাহলে এই পবিত্র ভূমিতে দুর্নীতি কেন থাকবে? তিনি বলেন, বিদেশে থাকা মানুষরা যে রক্ত–ঘামে অর্থ উপার্জন করে দেশে পাঠান, সে অর্থ দিয়ে বাড়িঘর বানানো হলেও সমাজের সার্বিক উন্নয়ন হয়নি অথচ সিলেট একসময় সমুদ্রগামী জাহাজ বানাত কিন্তু এখন প্রশাসনিক গতি-পথে সেই সমৃদ্ধ সিলেট হারিয়ে গেছে দুর্নীতির দৌরাত্ম্যে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কাজি নজরুল অডিটরিয়ামে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি, আর দায়িত্ব সঠিকভাবে পালন না করাও এক ধরনের দুর্নীতি। একটি কাজ পাঁচদিন ধরে ঝুলিয়ে রাখা অযথা জটিলতা তৈরি করা বা ইচ্ছাকৃতভাবে ফাইল আটকে রাখা সবই নৈতিক অপরাধ। তিনি বলেন, দুনিয়ার আদালতে কেউ না ধরা পড়লেও আখেরাতের বিচারে রেহাই নেই, তাই সততা শুধু পেশাগত দায়িত্ব নয়, এটি মানবিক ও আত্মিক দায়। তিনি আরও বলেন, সিলেটের মতো পূণ্যভূমিতেও যদি দুর্নীতি থেকে যায়, তবে সেটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতেই হবে।

শুভ প্রতিদিন/এমকে