কোন দল করলেন তা বড় নয়, সৎ প্রার্থীকে ভোট দিতে হবে : দুদক চেয়ারম্যান
প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৩:০৪:০০ অপরাহ্ন
ছবি: ।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, নির্বাচনের শুরু থেকেই ভোটারদের দায়িত্ব সৎ মানুষকে বেছে নেওয়া। কোন দল করলেন তা বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় প্রার্থী সৎ কিনা। যিনি ঘুষ খান না, চাঁদাবাজির সঙ্গে জড়িত নন, যিনি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন-এমন মানুষকে ভোট দিতে হবে। তাহলেই নির্বাচন-পরবর্তী দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার বা সম্পদ গোপন করার মতো ঘটনা কমবে।
রোববার (২৩ নভেম্বর) সকালে দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি বলেন, সৎ মানুষের সম্পদের ঘোষণাপত্র কখনো জাল হবে না। প্রকৃত সম্পদ এবং দাখিলকৃত সম্পদ তালিকা এক থাকবেই। কিন্তু অসৎ ব্যক্তির ক্ষেত্রে সেটি কখনোই মিলবে না। ভোটাররা যদি শুরুতেই সৎ মানুষকে বেছে নেন, তাহলে পরবর্তীতে সম্পদ লুকোনো বা ঘুষ-দুর্নীতি করার সুযোগও কমে যাবে।
তিনি বলেন, নমিনেশন বাণিজ্য নিয়ে সবাই কথা বলেন। যে ব্যক্তি কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন নেন, তার প্রথম লক্ষ্য হয় এই টাকা তুলবে কীভাবে। আর সেই টাকা তুলতে হয় জনগণের ঘাড়ে পা দিয়ে, ঘুষ নিয়ে, দুর্নীতি করে। তাই জনগণকে কঠোরভাবে ঘোষণা দিতে হবে, এই পবিত্র সিলেটের মাটিতে দুর্নীতিগ্রস্ত নির্বাচন হতে দেওয়া হবে না।
দুদক চেয়ারম্যান বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় এক সাবেক প্রধানমন্ত্রী সম্পদ বিবরণীতে ৫ দশমিক ২১ একর কৃষিজমি দেখালেও অনুসন্ধানে পাওয়া যায় ২৯ একর। এমন স্পষ্ট অসংগতি থাকার পরও তার নমিনেশন বাতিল হয়নি বরং তিনি এমপি নির্বাচিত হন। পরে প্রধানমন্ত্রী হন এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকেন। দুদক কাজ করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি বাস্তবায়ন করা যায়নি।
তিনি বলেন, এবার যারা সম্পদ বিবরণী জমা দেবেন তাদের মধ্যে অনেকেই সৎ থাকবেন, তবে কিছু অসৎ ব্যক্তি সম্পদ লুকানোর চেষ্টা করবেনই।
সম্পদ ঘোষণার তথ্য অনুসন্ধান করে কোনো অসংগতি থাকলে তা দুদককে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দুদক দ্রুত নির্বাচন কমিশনকে জানাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাবে।
শুভ প্রতিদিন/এমকে