এসএমপির নির্দেশ ৭ ডিসেম্বর থেকে নগরীতে রাত সাড়ে ৯টার পর বন্ধ থাকবে সব দোকান
এসএমপির নির্দেশ ৭ ডিসেম্বর থেকে নগরীতে রাত সাড়ে ৯টার পর বন্ধ থাকবে সব দোকান
প্রকাশিত: ০২/১২/২০২৫ ০৯:১৪:৪৪ পূর্বাহ্ন
ছবি: ।
সিলেট মহানগরীতে হোটেল-রেস্তোরাঁ ও ঔষধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৭ ডিসেম্বর রবিবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। পাশাপাশি মার্কেট ও শপিং মলগুলোতে পার্কিং স্পেস খালি রাখার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
গত রোববার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিলেট মহানগর এলাকার বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় সিলেট মহানগর এলাকার সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে হোটেল-রেস্তোরাঁ এবং ঔষধের দোকান এ বিধিনিষেধের বাইরে থাকবে। এই নির্দেশনা আগামী ৭ ডিসেম্বর রবিবার থেকে কার্যকর হবে।
এছাড়াও যেসব মার্কেট ও শপিং মলের নকশায় পার্কিং স্পেস থাকলেও সেখানে দোকান বা অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং স্পেস গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
সিলেট মহানগরীতে ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যা নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে । অপরিকল্পিতভাবে রাস্তায় গাড়ি পার্কিং এবং মার্কেটগুলোতে পার্কিং স্পেসের অভাব নগরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির কারণ।
স্থানীয় ব্যবসায়ী নেতারা জানান, বাজার কমিটির সঙ্গে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়ায় তারা সহযোগিতা করবেন। তবে কিছু ব্যবসায়ী রাত সাড়ে ৯টায় দোকান বন্ধের সিদ্ধান্তে প্রাথমিকভাবে কিছুটা উদ্বেগ প্রকাশ করলেও সার্বিক শৃঙ্খলার স্বার্থে তারা এতে সম্মত হয়েছেন।
পুলিশ সূত্র জানায়, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও পার্কিং স্পেস খালি না রাখার বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নগরবাসীর স্বস্তি ও সুষ্ঠু যানচলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ সফল করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট