প্রকাশিত

০৩/১১/২০২৫ ০১:৪৪:০০ অপরাহ্ন

সিলেট জুড়ে

ছাতক সীমান্তে উদ্ধার বিস্ফোরক, সিলেটে নিষ্ক্রিয়

প্রকাশিত: ০৩/১১/২০২৫ ০১:৪৪:০০ অপরাহ্ন

ছবি: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এসব ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়।।

বিজিবির অভিযানে সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী এলাকা থেকে উদ্ধারকৃত ০২টি ডেটোনেটর এবং ২৫০ গ্রাম উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়েছে।
সোমবার (০৩ নভেম্বর) সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহায়তায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এসব ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয় করা হয়। সীমান্তের নিরাপত্তা ও সীমান্তবর্তী জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সীমান্ত থেকে দূরবর্তী স্থানে নিরাপদভাবে এগুলো নিষ্ক্রিয় করা হয়।
এর আগে, গত ৩১ অক্টোবর রাতে বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানিক দল সুনামগঞ্জের ছাতক উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বালুর স্তূপের নিচে লুকানো অবস্থায় একটি বিদেশি রিভলভার, ২৫০ গ্রাম উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দ্রব্য এবং দুটি ডেটোনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলভারটি আইনানুগভাবে থানায় হস্তান্তর করা হয় এবং ডেটোনেটর ও বিস্ফোরক দ্রব্য আজ নিষ্ক্রিয় করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, অভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

শুভ প্রতিদিন/এমকে