প্রকাশিত

১৩/১২/২০২৫ ০৫:৫৯:৪৩ অপরাহ্ন

সিলেট জুড়ে

গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও বিস্ফোরক উদ্ধার

প্রকাশিত: ১৩/১২/২০২৫ ০৫:৫৯:৪৩ অপরাহ্ন

ছবি: ।

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের গোয়াইনঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত নাশকতার কাজে ব্যবহারের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার(১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানাধীন ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মায়ের হাসি ক্লিনিকের পূর্ব পাশে একটি টাওয়ারের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, চারটি ইন্ডিয়ান পাওয়ার জেল, পাঁচটি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং গান পাউডার সদৃশ প্রায় ২০০ গ্রাম পাউডার উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, উদ্ধার হওয়া এসব বিস্ফোরক ও অস্ত্র নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

র‌্যাব-৯ আরও জানায়, গেল বছরের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৭টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩ হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে বিভাগীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে বলে দাবি সংস্থাটির।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।


এমকে