জকিগঞ্জে মাদক ও চুরি-ডাকাতি রোধে ‘হৃদয়ে জকিগঞ্জ’-এর জনসভা সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত: ২৫/১০/২০২৬ ০৫:২২:০১ অপরাহ্ন
সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাদকের ভয়াল থাবা বিস্তার এবং সম্প্রতি ঘন ঘন চুরি-ডাকাতির ঘটনার প্রতিবাদে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে একটি প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়েছে।
সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ, সিলেট’-এর উদ্যোগে আগামী ৩১ অক্টোবর, শনিবার এ কর্মসূচি পালিত হবে। সংগঠনের সভাপতি মো. শাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩১ অক্টোবর শনিবার বিকেল ৪টায় কালিগঞ্জ বাজারের সুবহানিয়া মার্কেটের সামনে এই মাদকবিরোধী ও অপরাধপ্রতিরোধী জনসভা অনুষ্ঠিত হবে।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক।সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে জকিগঞ্জে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। জকিগঞ্জে ইদানিং চুরি-ডাকাতির মাত্রা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
মাদক ও অপরাধ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ, সামাজিক সচেতনতা এবং অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থানই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জকিগঞ্জ গড়ে তুলতে পারে।জনসভা সফল করার জন্য জকিগঞ্জের সর্বস্তরের জনসাধারণ, যুবসমাজ, ছাত্রসমাজ, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে ‘হৃদয়ে জকিগঞ্জ’ সংগঠনটি।
পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার এবং চুরি-ডাকাতি প্রতিরোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
কেএন